ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কফির ভুল অভ্যাসে বাড়ছে হৃদ্‌ঝুঁকি,যা বলছে চিকিৎসকরা

২০২৬ ফেব্রুয়ারি ০৮ ১০:২৪:৪০

কফির ভুল অভ্যাসে বাড়ছে হৃদ্‌ঝুঁকি,যা বলছে চিকিৎসকরা

কফির গন্ধেই অনেকের দিন শুরু হয়। আবার কর্মব্যস্ত সময়ে ক্লান্তি দূর করতে কফিই হয়ে ওঠে ভরসা। আড্ডা হোক বা অফিসের কাজ—কফি যেন অনেকের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে কফি সবার শরীরের জন্য সমান উপকারী নয়। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কফি পান নিয়ে কিছুটা সতর্কতা প্রয়োজন।

চিকিৎসকদের মতে, কফিতে থাকা ক্যাফেইন শরীরের স্নায়ু ও পেশিকে উদ্দীপিত করে। এর ফলে অ্যাড্রেনালিন হরমোনের নিঃসরণ বাড়ে, যা হৃৎস্পন্দনের গতি বৃদ্ধি করে। একই সঙ্গে রক্তনালিগুলো সাময়িকভাবে সঙ্কুচিত হয়ে যায়। এর প্রভাব হিসেবে অনেকের ক্ষেত্রে রক্তচাপ সাময়িকভাবে বেড়ে যেতে পারে।

সাধারণত কফি খাওয়ার ৩০ মিনিট থেকে ২ ঘণ্টার মধ্যেই এর প্রভাব শরীরে টের পাওয়া যায়। তবে এই প্রতিক্রিয়া সবার ক্ষেত্রে এক রকম হয় না। ব্যক্তিভেদে শরীরের সহনশীলতা, বয়স, নিয়মিত কফি পান করার অভ্যাস এবং জীবনযাপনের ধরন অনুযায়ী এর প্রভাব ভিন্ন হতে পারে।

তবে উচ্চ রক্তচাপ থাকলেও পুরোপুরি কফি ছাড়তে হবে—এমনটা নয়। কিছু নিয়ম মেনে চললে কফি উপভোগের পাশাপাশি রক্তচাপও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, কফি খাওয়ার পর যদি অতিরিক্ত ঘাম, বুক ধড়ফড় করা, অস্থিরতা বা উদ্বেগ অনুভূত হয়, তবে সেটি রক্তচাপ বাড়ার ইঙ্গিত হতে পারে। এ ক্ষেত্রে কফি খাওয়ার আগে ও পরে রক্তচাপ মেপে দেখা ভালো। সমস্যা অনুভব করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কফি পানের সময়ও গুরুত্বপূর্ণ। বিকেলের পর বা সন্ধ্যায় কফি পান করলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত ঘুম না হলে রক্তচাপ আরও বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই দুপুরের আগেই কফি পান শেষ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

পরিমাণের দিকেও নজর রাখা জরুরি। একজন সুস্থ মানুষ দিনে ৩–৪ কাপ কফি পান করতে পারলেও উচ্চ রক্তচাপ থাকলে দৈনিক ১–২ কাপের বেশি কফি না খাওয়াই নিরাপদ।

এ ছাড়া কফির সঙ্গে অতিরিক্ত চিনি, দুধ বা ক্রিম ব্যবহার করলে ক্যালরি ও চর্বির পরিমাণ বেড়ে যায়, যা হৃদ্‌স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই সম্ভব হলে ব্ল্যাক কফি পান করাই তুলনামূলক ভালো।

সচেতন থাকলে শখের কফি আর সুস্থ জীবন—দুটোই বজায় রাখা সম্ভব বলে মত চিকিৎসকদের।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ