ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

৭ বছর পর গান লিখলেন মারজুক রাসেল

২০২৬ মে ৩০ ১৭:৪৪:০৭

৭ বছর পর গান লিখলেন মারজুক রাসেল

দীর্ঘ সাত বছরের বিরতি ভেঙে আবারও গীতিকার হিসেবে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা, লেখক ও নির্মাতা মারজুক রাসেল। দীর্ঘ সময় পর তার লেখা নতুন একটি গান প্রকাশিত হয়েছে আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্বে। বিষয়টি ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

একসময় বাংলা গানের অঙ্গনে নিয়মিত কাজ করতেন মারজুক রাসেল। তার লেখা অসংখ্য জনপ্রিয় গান কণ্ঠে তুলেছেন দেশের খ্যাতিমান শিল্পীরা। তবে গত কয়েক বছরে গানের জগৎ থেকে অনেকটাই দূরে ছিলেন তিনি। অবশেষে সাত বছর পর নতুন গান নিয়ে ফিরলেন এই বহুমাত্রিক প্রতিভা।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার ১২-তে যুক্ত হয়েছে বিশেষ গান ‘ব্যাচেলর গীতি’। গানটির কথা লিখেছেন মারজুক রাসেল। এতে কণ্ঠ দিয়েছেন জোহান আলমগীর এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে গানটি নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।

ধারাবাহিকটির এক্সিকিউটিভ প্রডিউসার তৌহিদ তালুকদার জানান, ২০১৯ সালের পর এটিই মারজুক রাসেলের লেখা প্রথম পূর্ণাঙ্গ গান। লেখালেখির সঙ্গে তিনি নিয়মিত যুক্ত থাকলেও এই সময়ের মধ্যে আর কোনো সম্পূর্ণ গান লেখেননি।

জানা গেছে, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শুরু হওয়ার পর থেকেই নির্মাতা কাজল আরেফিন অমি চেয়েছিলেন মারজুক রাসেলকে শুধু অভিনয়ে নয়, সৃজনশীল লেখালেখিতেও যুক্ত করতে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই তৈরি হয়েছে ‘ব্যাচেলর গীতি’।

গানটির বিষয়বস্তু আবর্তিত হয়েছে ব্যাচেলর গ্যাংয়ের জীবন, বন্ধুত্ব এবং তাদের নানান মজার অভিজ্ঞতাকে ঘিরে। ফলে ধারাবাহিকটির দর্শকদের কাছে গানটি বিশেষ আকর্ষণ তৈরি করেছে।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার ১২-তে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, মালু দেওয়ান, শামীমা নাজনীন, রনি, ইশতিয়াক রোমেল, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, কিটো ভাই, স্পর্শিয়া, জায়েফসহ আরও অনেক শিল্পী।

বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি Channel i এবং Boom Films Official-এ প্রচারিত হচ্ছে। এবারের সিজনটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন কাজল আরেফিন অমি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত