ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা

২০২৬ জুলাই ১৬ ১৭:১৩:৫৩

অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা

২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামতে আর মাত্র একটি ম্যাচ বাকি। দীর্ঘ এক মাসের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে শিরোপার জন্য মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের শক্তিশালী দল স্পেন। ফুটবল বিশ্বের কোটি সমর্থকের চোখ এখন ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণের দিকে।

সেমিফাইনালে নাটকীয়ভাবে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে, ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন।

এবারের ফাইনালকে ঘিরে আলোচনায় এসেছে ডেটা বিশ্লেষণভিত্তিক অপ্টা সুপারকম্পিউটারের পূর্বাভাস। পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্স, আক্রমণ-রক্ষণ, গোলের সম্ভাবনা এবং হাজারো সিমুলেশনের ভিত্তিতে করা বিশ্লেষণে স্পেনকে সামান্য এগিয়ে রাখা হয়েছে।

সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫.১ শতাংশ। অন্যদিকে একই সময়ের মধ্যে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২৯.৪ শতাংশ। এছাড়া ম্যাচটি অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৫.৪ শতাংশ।

বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির এই লড়াই ইতিহাসেও বেশ সমানে সমান। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। দুই দলই জিতেছে ছয়টি করে ম্যাচ, আর দুটি ম্যাচ ড্র হয়েছে। ফলে অতীতের পরিসংখ্যানও কোনো দলকে স্পষ্টভাবে এগিয়ে রাখছে না।

বিশ্বকাপের ইতিহাসে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের সুযোগ রয়েছে আর্জেন্টিনার সামনে। তারা সফল হলে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে পরপর দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে স্পেন।

তবে সুপারকম্পিউটারের পূর্বাভাস সব সময় বাস্তবে মেলে না। চলতি বিশ্বকাপের সেমিফাইনালে করা ভবিষ্যদ্বাণীও পুরোপুরি সঠিক হয়নি। তাই শেষ পর্যন্ত শিরোপা কার হাতে উঠবে, সেই উত্তর মিলবে মাঠের ৯০ মিনিট, অতিরিক্ত সময় কিংবা প্রয়োজনে টাইব্রেকারের লড়াইয়েই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ