ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিং এর ‘ধুরন্ধর’

২০২৬ মে ০১ ০৮:৫৭:৪৪

বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিং এর ‘ধুরন্ধর’

বলিউডে নতুন ইতিহাস গড়েছে রণবীর সিং অভিনীত অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলে ছবিটি ইতোমধ্যে হাজার কোটি রুপির ক্লাবে জায়গা করে নিয়েছে। দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে এই হাই-অকটেন সিনেমা।

এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় চমক হলো ছবির ক্লাইম্যাক্স দৃশ্য। পরিচালক আদিত্য ধর প্রচলিত ভিএফএক্স বা সিজিআইয়ের বদলে বাস্তব বিস্ফোরণের ওপর নির্ভর করেছেন। জানা গেছে, ক্লাইম্যাক্সে ব্যবহার করা হয়েছে প্রায় ৫০০ লিটার পেট্রোল এবং ২৫ কেজি বিস্ফোরক। বিশাল তেলের ট্যাংকার উড়িয়ে দেওয়ার দৃশ্যগুলো সম্পূর্ণ বাস্তবেই ধারণ করা হয়েছে, যা দর্শকদের কাছে বাড়তি রোমাঞ্চ তৈরি করেছে।

সবচেয়ে আলোচিত বিষয় হলো, এই বিপজ্জনক দৃশ্যে বডি ডাবল ছাড়াই অভিনয় করেছেন রণবীর সিং এবং অর্জুন রামপাল। জীবনের ঝুঁকি নিয়েও তারা শুটিং সম্পন্ন করেছেন, যা ছবিটির বাস্তবতা ও তীব্রতা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। নির্মাতাদের নিখুঁত পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে এই ঝুঁকিপূর্ণ দৃশ্য।

ছবিটির গল্পে রয়েছে টানটান উত্তেজনা ও সমসাময়িক প্রেক্ষাপট, যা দর্শকদের সঙ্গে সহজেই সংযোগ তৈরি করেছে। অ্যাকশন, ড্রামা এবং বাস্তবধর্মী দৃশ্যায়নের সমন্বয় ‘ধুরন্ধর ২’-কে চলতি বছরের অন্যতম বড় ব্লকব্লাস্টারে পরিণত করেছে।

এদিকে এই সাফল্যের পর পরিচালক আদিত্য ধর নতুন প্রজেক্টের প্রস্তুতি শুরু করেছেন। শোনা যাচ্ছে, ২০২৭ সালে শুরু হতে যাওয়া তার পরবর্তী সিনেমাতেও রণবীর সিংকে প্রধান চরিত্রে দেখা যেতে পারে। বড় পর্দায় দাপট দেখানোর পর এখন ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় রয়েছে।

Tags:

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত