ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

কাজের চাপে জীবন এলোমেলো এই ৬ অভ্যাসেই মিলবে ভারসাম্য

২০২৬ জানুয়ারি ২৮ ১৬:৩৮:৫৬

কাজের চাপে জীবন এলোমেলো এই ৬ অভ্যাসেই মিলবে ভারসাম্য

ডেডলাইন, নোটিফিকেশন আর শেষ না হওয়া দায়িত্বের চাপে দিন কাটছে অনেকেরই। এক কাজ থেকে আরেক কাজে ছুটতে ছুটতে ব্যক্তিগত জীবন, মানসিক শান্তি ও জীবনের আনন্দ যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কাজ আর ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েনে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন অসংখ্য মানুষ।

তবে বিশেষজ্ঞদের মতে, কাজ ও জীবনের ভারসাম্য মানে দুটিকে আলাদা করে ফেলার চেষ্টা নয়, বরং দুটিকে সুন্দরভাবে একে অপরের পরিপূরক করে তোলা। হেলথ শটসকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যাপিনেস অ্যাম্বাসাডর ও আধ্যাত্মিক মেন্টর আত্মান ইন রবি বলেন, কাজ ও জীবনের দ্বন্দ্ব কমিয়ে আনতে কিছু সচেতন অভ্যাসই পারে জীবনকে আরও আনন্দময় ও অর্থপূর্ণ করে তুলতে।

তার মতে, মানসিক সুস্থতা বজায় রাখতে ও কাজ-জীবনের ভারসাম্য গড়ে তুলতে এই ছয়টি সহজ অভ্যাস কার্যকর হতে পারে—

নিজের ‘ইকিগাই’ খুঁজুন

জাপানি জীবনদর্শনে ‘ইকিগাই’ বলতে বোঝায়—যে কাজটি আপনি ভালোবাসেন, যেটিতে আপনি দক্ষ এবং যা সমাজ বা বিশ্বের জন্য উপকারী। যখন কাজ আপনার আগ্রহ ও দক্ষতার সঙ্গে মিলে যায়, তখন তা আর বোঝা মনে হয় না; বরং আনন্দের উৎস হয়ে ওঠে।

আনন্দ, শান্তি ও উদ্দেশ্যকে গুরুত্ব দিন

প্রতিদিন এমন কিছু কাজ করুন, যা আপনাকে সত্যিকারের আনন্দ দেয়। সেটা হতে পারে এক কাপ চা উপভোগ করা, সৃজনশীল কাজে সময় দেওয়া কিংবা প্রকৃতির মাঝে কিছুক্ষণ হাঁটা। মাইন্ডফুলনেস চর্চা মানসিক শান্তি ধরে রাখতে সাহায্য করে।

মাইন্ডফুলনেস ও ধ্যান চর্চা করুন

ব্যস্ত জীবনে আমরা প্রায়ই নিজের শ্বাস নেওয়ার কথাই ভুলে যাই। মাইন্ডফুলনেস ও ধ্যান আমাদের বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। প্রতিদিন মাত্র ১০ মিনিট ধ্যান মানসিক স্বচ্ছতা বাড়ায় এবং চাপ কমাতে সহায়ক হয়।

কাজ ও ব্যক্তিগত জীবনের সীমা ঠিক করুন

অফিস শেষ হলেও যদি কাজের চিন্তা মাথায় ঘোরে, তাহলে বিশ্রাম কখনোই সম্পূর্ণ হয় না। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করুন, অফিস কল বা ইমেইল থেকে বিরতি নিন। এতে পরিবার, শখ ও নিজের যত্নের জন্য সময় বের করা সহজ হয়।

কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলুন

প্রতিদিন অন্তত তিনটি বিষয় লিখে রাখুন, যার জন্য আপনি কৃতজ্ঞ। গবেষণায় দেখা গেছে, কৃতজ্ঞতা চর্চা সুখ বাড়ায়, মানসিক চাপ কমায় এবং কাজ ও জীবনের দ্বন্দ্ব হ্রাস করে।মানুষের সঙ্গে সংযোগ বজায় রাখুন

মানসিক সুস্থতার জন্য সামাজিক সংযোগ অত্যন্ত জরুরি। বন্ধু, পরিবার বা সহকর্মীর সঙ্গে নিজের অনুভূতি ভাগ করুন। প্রয়োজনে মেন্টর খুঁজুন বা আগ্রহভিত্তিক গ্রুপে যুক্ত হন। মানুষের সঙ্গে সংযোগ আমাদের সাহস ও একাত্মতা বাড়ায়।

কাজ ও জীবনের ভারসাম্য একদিনে তৈরি হয় না। তবে প্রতিদিনের ছোট ছোট সচেতন অভ্যাস ধীরে ধীরে গড়ে তোলে একটি শান্ত, সুস্থ ও অর্থপূর্ণ জীবন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ