ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হজম থেকে ওজন নিয়ন্ত্রণ—পানিফলের গুণ জানলে অবাক হবেন

২০২৬ জানুয়ারি ২৭ ১১:৪৬:২৪

হজম থেকে ওজন নিয়ন্ত্রণ—পানিফলের গুণ জানলে অবাক হবেন

পানিফল একটি পুষ্টিগুণে ভরপুর মৌসুমি ফল, যা শীতকালে সহজেই পাওয়া যায়। ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেশিয়াম, সালফার, ফাইবার, আয়োডিন ও ম্যাঙ্গানিজসহ নানা গুরুত্বপূর্ণ খনিজ ও ভিটামিনে সমৃদ্ধ এই ফল শরীরের বহু প্রয়োজনীয় চাহিদা পূরণে সাহায্য করে। নিয়মিত পরিমিত পরিমাণে পানিফল খেলে হজমশক্তি বাড়ে, হৃদযন্ত্র সুস্থ থাকে এবং সামগ্রিকভাবে শরীর ভালো থাকে।

থাইরয়েডের জন্য কেন উপকারী

থাইরয়েডজনিত সমস্যায় ভুগছেন—এমন অনেকের জন্য পানিফল উপকারি হতে পারে। এতে থাকা আয়োডিন থাইরয়েড হরমোন তৈরিতে সহায়তা করে। পাশাপাশি ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম শরীরের টি-৪ হরমোনকে সক্রিয় টি-৩ হরমোনে রূপান্তর করতে ভূমিকা রাখে, যা থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এতে থাকা ফাইবার ও ভিটামিন থাইরয়েড গ্রন্থির কর্মক্ষমতা ধরে রাখতে সাহায্য করে।

শরীরে পানি জমা কমায়, সুরক্ষা দেয় হৃদযন্ত্রকে

পানিফল শরীরে অপ্রয়োজনীয় পানি জমে যাওয়ার প্রবণতা কমাতে কার্যকর। বিশেষ করে থাইরয়েডের কারণে যাদের শরীর ফোলা বা ভারী লাগে, তাদের জন্য এই ফল বেশ উপকারী। এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সহায়তা করে। একই সঙ্গে এটি ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে।

হজমশক্তি বাড়াতে কার্যকর

গ্যাস, বদহজম কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় পানিফল একটি প্রাকৃতিক সমাধান হিসেবে কাজ করে। এতে থাকা প্রচুর ফাইবার অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে এবং হজমতন্ত্রকে সক্রিয় রাখে। নিয়মিত পানিফল খেলে পেটের সমস্যা অনেকটাই কমে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক

ক্যালরি কম অথচ ফাইবার বেশি হওয়ায় পানিফল খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। শীতকালে নিয়মিত পরিমিত মাত্রায় পানিফল খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

কারা পানিফল খাবেন না

পানিফল কাঁচা কিংবা সিদ্ধ—দু’ভাবেই খাওয়া যায় এবং স্বাদেও বেশ উপাদেয়। তবে কিছু ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। যাদের অ্যালার্জির সমস্যা আছে, তাদের পানিফল খেলে ত্বকে চুলকানি, র‍্যাশ বা জ্বালাপোড়া হতে পারে।

এছাড়া যাঁরা গ্যাস, পেট ফাঁপা, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, কিডনিতে পাথর, সর্দি-কাশি, উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন বা ব্লাড থিনার ওষুধ খান—তাদের পানিফল খাওয়ার আগে সতর্ক হওয়া প্রয়োজন।

সব মিলিয়ে, স্বাদ ও পুষ্টিগুণ—দু’দিক থেকেই পানিফল একটি উপকারী ফল। রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে থাইরয়েড ও হজমের যত্ন—সব ক্ষেত্রেই এর ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে অন্যান্য খাবারের মতোই পানিফল খাওয়ার সময় নিজের শারীরিক অবস্থার কথা মাথায় রাখা জরুরি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ