ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ওজন বাড়ার ভয়, দুধ-চিনি বাদ দিয়ে চায়ে দিন এই ৩ উপাদান

২০২৫ ডিসেম্বর ১৮ ১১:৩৪:৪৮

ওজন বাড়ার ভয়, দুধ-চিনি বাদ দিয়ে চায়ে দিন এই ৩ উপাদান

শীত, গ্রীষ্ম বা বর্ষা—সব ঋতুতেই বাঙালির দৈনন্দিন জীবনে চা এক অবিচ্ছেদ্য অভ্যাস। দিন শুরু হোক বা কাজের ফাঁকে একটু বিশ্রাম, এক কাপ চা যেন সব কিছুরই সঙ্গী। তবে ওজন বৃদ্ধি ও পেটের মেদ নিয়ে সচেতন মানুষের মনে প্রায়ই প্রশ্ন জাগে—নিয়মিত চা পান করলে কি পেটে মেদ জমে?

আয়ুর্বেদিক চিকিৎসকদের মতে, সমস্যার মূল চা নয়, বরং চায়ে ব্যবহৃত উপাদান। অতিরিক্ত চিনি ও দুধ চা-কে অস্বাস্থ্যকর করে তোলে। তবে সঠিক উপায়ে এবং কিছু নির্দিষ্ট উপাদান মিশিয়ে লিকার চা পান করলে তা ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, শীতকালে চা শরীরকে উষ্ণ রাখার পাশাপাশি বিপাকক্রিয়াও সক্রিয় করে। আদা, দারুচিনি বা গোলমরিচের মতো উপাদান শরীরের তাপমাত্রা বাড়ায় এবং হজমশক্তি উন্নত করে। তবে ওজন কমানোর লক্ষ্য থাকলে দিনে দুই থেকে সর্বোচ্চ তিন কাপ দুধ ছাড়া চা পান করাই যথেষ্ট।

পেটের মেদ কমাতে চায়ে মেশান এই ৩ উপাদান

১. পুদিনাপুদিনা হজমশক্তি বাড়াতে সাহায্য করে এবং পেট ফাঁপা কমায়। আয়ুর্বেদ অনুযায়ী, পুদিনা শরীরের অতিরিক্ত পিত্ত নিয়ন্ত্রণ করে ও ক্ষুধা কমাতে সহায়ক। পুদিনা মেশানো লিকার চা নিয়মিত পান করলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

২. মৌরিমৌরি হজমের জন্য অত্যন্ত উপকারী। এটি পেট ভারী লাগা ও গ্যাসের সমস্যা কমায়। আধুনিক গবেষণাতেও দেখা গেছে, মৌরি ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। চায়ের সঙ্গে মৌরি যোগ করলে খাবার সহজে হজম হয় এবং পেটের অস্বস্তি কমে।

৩. সবুজ এলাচএলাচ শুধু সুগন্ধ নয়, বিপাকক্রিয়া বাড়াতেও সহায়ক। এটি শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দিতে সাহায্য করে এবং মিষ্টি খাওয়ার আকাঙ্ক্ষা কমায়। ওজন কমাতে চাইলে এলাচযুক্ত লিকার চা উপকারী হতে পারে।

একসঙ্গে কীভাবে খাবেন

পুদিনা, মৌরি ও সবুজ এলাচ একসঙ্গে ফুটিয়ে দুধ ছাড়া চা তৈরি করা যায়। এই চা গরম অবস্থায় যেমন পান করা যায়, তেমনই ঠাণ্ডা করে আইসড টি হিসেবেও খাওয়া যেতে পারে। শীত বা গ্রীষ্ম—দুই ঋতুতেই এই পানীয় বিপাকক্রিয়া সক্রিয় রাখতে সাহায্য করে।

যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

বিশেষজ্ঞদের পরামর্শ, এই চায়ে দুধ বা চিনি যোগ করলে উপকারিতা নষ্ট হয়ে যায়। যাঁদের এসিডিটি বা হজমের সমস্যা রয়েছে, তাঁরা একটিমাত্র উপাদান দিয়ে শুরু করুন। ডায়াবিটিস রোগীদের মধু বা গুড় এড়িয়ে চলাই শ্রেয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ