ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পাকিস্তান দলে ভূমিকম্প, একসঙ্গে বাদ ৮ ক্রিকেটার

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৬ জুলাই ২০ ১৮:২৪:৪১

পাকিস্তান দলে ভূমিকম্প, একসঙ্গে বাদ ৮ ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটল পাকিস্তান নারী ক্রিকেট দল। আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ঘোষিত ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে একসঙ্গে বাদ দেওয়া হয়েছে আটজন ক্রিকেটারকে। একই সঙ্গে দলে ফিরেছেন পাঁচ অভিজ্ঞ খেলোয়াড় এবং প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিন নতুন মুখ।

বিশ্বকাপে টানা চার ম্যাচ হেরে কার্যত ছিটকে যায় পাকিস্তান। পরে নিয়মরক্ষার শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারালেও সেই জয় দলের হতাশা কাটানোর জন্য যথেষ্ট ছিল না। টুর্নামেন্টজুড়ে ব্যর্থতার পর নির্বাচকরা স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন এনে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন।

শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি দলে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুনিবা আলি। নিয়মিত অধিনায়ক ফাতিমা সানা ইংল্যান্ডের 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টে অংশ নেওয়ার কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না। তবে ওয়ানডে সিরিজে তিনি অধিনায়ক হিসেবেই দলের নেতৃত্ব দেবেন। এর আগে মাত্র একবার পাকিস্তানের অধিনায়কত্ব করেছিলেন মুনিবা।

বিশ্বকাপ ব্যর্থতার মূল্য দিতে হয়েছে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে। স্কোয়াড থেকে বাদ পড়েছেন আলিয়া রিয়াজ, ইরাম জাভেদ ও দিয়ানা বেইগসহ মোট আটজন ক্রিকেটার। অন্যদিকে ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন ব্যাটার ইমান নাসির, মাহাম আনিস এবং স্পিনার মোমিনা রিয়াসাত।

এছাড়া দীর্ঘদিন পর দলে ফিরেছেন হুমনা বিলাল, নাজিহা আলভি, শাওয়াল জুলফিকার, উম্মে হানি ও ওয়াহিদা আখতার। নতুন ও পুরোনোদের সমন্বয়ে শক্তিশালী একটি দল গঠনের চেষ্টা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায় ২৩ থেকে ২৮ জুলাই। এরপর একই ভেন্যুতে ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ দিয়েই বিশ্বকাপ ব্যর্থতা কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য পাকিস্তান নারী দলের।

পাকিস্তান নারী দলের ওয়ানডে স্কোয়াড:ফাতিমা সানা (অধিনায়ক), আয়েশা জাফর, গুল ফিরোজা, মাহাম আনিস, মোমিনা রিয়াসাত, মুনিবা আলি (উইকেটকিপার), নাজিহা আলভি, নাশরা সান্ধু, সাদাফ শামস, সাইরা জাবিন, সিদ্রা আমিন, সৈয়দ আরুব শাহ, তাসমিয়া রুবাব, উম্মে হানি ও ওয়াহিদা আখতার।

পাকিস্তান নারী দলের টি-টোয়েন্টি স্কোয়াড:মুনিবা আলি (অধিনায়ক ও উইকেটকিপার), আয়েশা জাফর, ইমান নাসির, আয়মান ফাতিমা, হুমনা বিলাল, মাহাম আনিস, মোমিনা রিয়াসাত, নাজিহা আলভি, নাশরা সান্ধু, সাইরা জাবিন, শাওয়াল জুলফিকার, তাসমিয়া রুবাব, তুবা হাসান, উম্মে হানি ও ওয়াহিদা আখতার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ