ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

স্ট্রোক প্রতিরোধে জরুরি ৫টি নিয়ম, আপনার জীবন রক্ষার জন্য এখনই শুরু করুন

২০২৫ অক্টোবর ২৯ ২০:১০:১৮

স্ট্রোক প্রতিরোধে জরুরি ৫টি নিয়ম, আপনার জীবন রক্ষার জন্য এখনই শুরু করুন

উচ্চ রক্তচাপ শুধু অস্বস্তি নয়, এটি হঠাৎ স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বৃদ্ধি করতে পারে। অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের নিউরোসার্জন ডা. দেবর্ষি চট্টোপাধ্যায় জানিয়েছেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে মস্তিষ্কে রক্তনালির সমস্যা দেখা দিতে পারে, যা দ্রুত চিকিৎসা না হলে প্রাণঘাতী হতে পারে। ২৯ অক্টোবর ‘ওয়ার্ল্ড স্ট্রোক ডে’-তে বিশেষজ্ঞরা এই ঝুঁকির ব্যাপারে সচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন।

স্ট্রোক মূলত দুই প্রকার—ইস্কেমিক এবং হেমারেজিক। ইস্কেমিক স্ট্রোকে মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, আর হেমারেজিক স্ট্রোকে দুর্বল রক্তনালি ছিঁড়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। দুই ধরনের স্ট্রোকেই দ্রুত চিকিৎসা অত্যন্ত জরুরি। ডা. দেবর্ষি সতর্ক করে বলেন, “হাইপারটেনশন থাকলে স্ট্রোকের ঝুঁকি অনেকগুণ বেড়ে যায়। প্রেশারের ওষুধ কখনোই বন্ধ করা যাবে না। বিশেষ পরিস্থিতিতে যেমন গর্ভাবস্থা বা অন্যান্য অসুস্থতার সময়ও সতর্ক থাকা আবশ্যক।”

সম্প্রতি তরুণদের মধ্যেও স্ট্রোকের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। অনেকেই ৪০ বছরের আগে এই মারাত্মক অবস্থার শিকার হচ্ছেন। ডা. দেবর্ষি জানিয়েছেন, দীর্ঘক্ষণ বসে থাকা, ব্যায়ামের অভাব, মানসিক চাপ এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনই মূল কারণ।

স্ট্রোক প্রতিরোধে কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস রয়েছে। নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা, পরিবারের ইতিহাস জানা এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ; লবণ ও সোডিয়ামযুক্ত খাবার, জাঙ্ক ফুড বা অতিরিক্ত প্যাকেটজাত খাবার এড়িয়ে চলা উচিত। অলস জীবনযাপন রক্তচাপ বাড়ায়, তাই নিয়মিত ব্যায়াম করা এবং সক্রিয় থাকা গুরুত্বপূর্ণ। ধূমপান ও অ্যালকোহলও রক্তচাপ এবং রক্তনালির ক্ষতি করে, তাই এগুলো থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস এবং সক্রিয় জীবনযাপনই স্ট্রোক প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। আর স্ট্রোক দেখা দিলে আতঙ্কিত না হয়ে লক্ষণ দেখা দেওয়ার ৪.৫ ঘণ্টার মধ্যে একজন নিউরোলজিস্টের কাছে পৌঁছানো বুদ্ধিমানের কাজ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ