ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

অচেনা জায়গায় রাতে ঘুম আসে না,জানুন এর আসল কারন

২০২৬ এপ্রিল ১১ ২১:০৫:০৮

অচেনা জায়গায় রাতে ঘুম আসে না,জানুন এর আসল কারন

ভ্রমণে গেছেন কিংবা নতুন কোনো বাসায় উঠেছেন—সবকিছু ঠিকঠাক থাকলেও রাতে ঘুম আসে না। বিছানায় শুয়ে থেকেও বারবার ঘুম ভেঙে যায়, সামান্য শব্দেই চমকে উঠেন। অনেকেই এটিকে ক্লান্তি বা মানসিক চাপের ফল মনে করলেও, এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক একটি ব্যাখ্যা—‘ফার্স্ট নাইট এফেক্ট’।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, অচেনা পরিবেশে ঘুমানোর সময় আমাদের মস্তিষ্ক পুরোপুরি বিশ্রামে যায় না। বরং এর একটি অংশ সজাগ অবস্থায় থেকে যায়। ফলে আশেপাশের সামান্য শব্দ বা নড়াচড়াকেও মস্তিষ্ক সম্ভাব্য বিপদ হিসেবে ধরে নেয়। এর ফলে গভীর ঘুমে যাওয়া কঠিন হয়ে পড়ে এবং শরীর একধরনের হালকা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকে।

গবেষণায় ঘুমের সময় মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হয় ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি (EEG)। এতে দেখা যায়, অচেনা জায়গায় ঘুমালে মস্তিষ্ক অতিরিক্ত সতর্ক থাকে এবং যেকোনো মুহূর্তে জেগে ওঠার জন্য প্রস্তুত থাকে।

গবেষণার অংশ হিসেবে অংশগ্রহণকারীদের প্রথম রাতে সম্পূর্ণ অচেনা পরিবেশে ঘুমাতে দেওয়া হয়। ফলাফলে দেখা যায়, নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে তাদের ঘুমের মান উল্লেখযোগ্যভাবে খারাপ হয়ে যায়।

তবে দ্বিতীয় রাতে একটি ভিন্ন পরীক্ষা চালানো হয়। ঘুমের মধ্যে অংশগ্রহণকারীদের পরিচিত মানুষের কণ্ঠস্বর শোনানো হলে তাদের ঘুম আগের তুলনায় অনেক গভীর ও স্বস্তিদায়ক হয়ে ওঠে। এতে বোঝা যায়, পরিচিত শব্দ মস্তিষ্ককে নিরাপত্তার অনুভূতি দেয়।

অন্যদিকে, অপরিচিত কণ্ঠস্বর বা অদ্ভুত শব্দ শোনানো হলে ঘুম দ্রুত হালকা হয়ে যায়। এতে মস্তিষ্ক আরও সজাগ হয়ে ওঠে এবং সম্ভাব্য বিপদের জন্য প্রস্তুতি নিতে থাকে।

বিজ্ঞানীদের মতে, এই প্রক্রিয়াটি মানুষের আদিম প্রবৃত্তির অংশ। প্রাচীনকালে বন্য পরিবেশে টিকে থাকার জন্য মানুষ ঘুমের মধ্যেও আংশিক সজাগ থাকার অভ্যাস গড়ে তুলেছিল। সেই বিবর্তিত বৈশিষ্ট্যই আজও আমাদের মধ্যে রয়ে গেছে।

তাই নতুন জায়গায় ঘুম না হওয়া কোনো অসুখ নয়, বরং এটি মস্তিষ্কের স্বাভাবিক প্রতিক্রিয়া। তবে কিছু সহজ উপায়ে এই সমস্যা কমানো যেতে পারে। যেমন—নিজের পরিচিত বালিশ ব্যবহার করা, প্রিয় সুগন্ধি সঙ্গে রাখা কিংবা হালকা পরিচিত শব্দ বা সংগীত শোনা। এতে মস্তিষ্ক দ্রুত নতুন পরিবেশকে নিরাপদ হিসেবে গ্রহণ করে এবং ঘুম সহজ হয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ