ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

চোখে সুতো বা জালের মতো কিছু দেখছেন, এটি বড় রোগের লক্ষণ নয়তো

২০২৬ মার্চ ২০ ১৯:৩৭:৩২

চোখে সুতো বা জালের মতো কিছু দেখছেন, এটি বড় রোগের লক্ষণ নয়তো

চোখের সামনে হঠাৎ সুতো, জাল বা ছোট ছোট দাগ ভাসতে দেখা—যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ফ্লোটার বলা হয়—এটি অনেকের কাছেই পরিচিত অভিজ্ঞতা। বেশির ভাগ ক্ষেত্রে এটি স্বাভাবিক হলেও কিছু পরিস্থিতিতে গুরুতর চোখের সমস্যার ইঙ্গিত দিতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

চক্ষুবিশেষজ্ঞদের মতে, চোখের ভেতরে থাকা ভিট্রিয়াস নামের জেলির মতো স্বচ্ছ পদার্থ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। এই জেলি ধীরে ধীরে সঙ্কুচিত হয়ে ছোট ছোট কণায় ভেঙে যায়, যা চোখের রেটিনার সামনে ভাসমান দাগ বা ছায়া হিসেবে দেখা দেয়। তাই বয়স বাড়ার সঙ্গে ‘ফ্লোটার’ দেখা বেশ স্বাভাবিক।

বিশেষ করে যাদের মায়োপিয়া রয়েছে, বা বয়সজনিত কারণে চোখের ভিট্রিয়াসে পরিবর্তন এসেছে, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। এছাড়া চোখে সংক্রমণ, প্রদাহ, স্ট্রোক, কিংবা ডায়াবিটিস ও উচ্চ রক্তচাপজনিত রেটিনার সমস্যার কারণেও ‘ফ্লোটার’ হতে পারে।

তবে সব ক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। ধীরে ধীরে অল্প পরিমাণে ফ্লোটার দেখা গেলে সাধারণত তা ক্ষতিকর নয় এবং অনেক সময় মস্তিষ্ক নিজেই এই দাগগুলোকে উপেক্ষা করতে শেখে। ফলে দৈনন্দিন জীবনে তেমন প্রভাব পড়ে না।

কিন্তু কিছু লক্ষণ দেখা দিলে অবহেলা করা বিপজ্জনক হতে পারে। যেমন—হঠাৎ করে ফ্লোটারের সংখ্যা বেড়ে যাওয়া, চোখের সামনে আলোর ঝলকানি দেখা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, চোখে ছায়া নেমে আসা কিংবা চোখে ব্যথা বা লালভাব।

বিশেষজ্ঞরা বলছেন, এসব উপসর্গ দেখা দিলে তা রেটিনায় টান পড়া, ছিঁড়ে যাওয়া বা আলগা হয়ে যাওয়ার মতো গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে। সময়মতো চিকিৎসা না নিলে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।

তাই চোখে অস্বাভাবিক কোনো পরিবর্তন অনুভব করলে দেরি না করে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত