ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

শিশুর গায়ে লালচে উঁচু দাগ দেখলে সতর্ক হোন, হতে পারে যে রোগের লক্ষণ

২০২৬ জানুয়ারি ১০ ১৬:১৩:০৭

শিশুর গায়ে লালচে উঁচু দাগ দেখলে সতর্ক হোন, হতে পারে যে রোগের লক্ষণ

শিশুর ত্বকে হঠাৎ লালচে উঁচু দাগ বা চাকতির মতো চিহ্ন দেখা গেলে অনেক অভিভাবকই উদ্বিগ্ন হয়ে পড়েন। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই সমস্যাকে বলা হয় হেমানজিয়োমা। এটি মূলত রক্তনালির অস্বাভাবিক বৃদ্ধির ফলে তৈরি হওয়া এক ধরনের টিউমার, যা সাধারণত ক্যানসারজনিত নয়।

হেমানজিয়োমা শরীরের যে কোনও অংশে হতে পারে। তবে চিকিৎসকদের মতে, মুখ, মাথার ত্বক, বুক এবং পিঠে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। অনেক ক্ষেত্রেই এটি জন্মের সময় থেকেই থাকে বা জন্মের কয়েক সপ্তাহের মধ্যে স্পষ্ট হয়ে ওঠে।

শিশুরোগ চিকিৎসক অর্পণ সাহা জানাচ্ছেন, রক্তনালির অস্বাভাবিক বৃদ্ধিই হেমানজিয়োমার প্রধান কারণ। তিনি বলেন,“হেমানজিয়োমার ক্ষেত্রে সাধারণত দু’টি সম্ভাবনা থাকে। এক, সময়ের সঙ্গে সঙ্গে এটি ধীরে ধীরে বড় হতে পারে। দুই, আবার অনেক ক্ষেত্রে নিজে থেকেই আস্তে আস্তে ছোট হয়ে যায়।”

তবে সমস্যা হয় তখনই, যখন এই লাল উঁচু অংশে কোনওভাবে আঁচড় লাগে। সেক্ষেত্রে প্রচুর রক্তপাত হতে পারে। এমন পরিস্থিতিতে পরিষ্কার কাপড় বা গজ দিয়ে জায়গাটি চেপে ধরে রাখতে হবে এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

চিকিৎসকদের মতে, হেমানজিয়োমার বিকাশের পিছনে কিছু নির্দিষ্ট কারণ থাকতে পারে। এর মধ্যে রয়েছে জেনেটিক প্রবণতা, হরমোনের প্রভাব এবং প্ল্যাসেন্টার কিছু অস্বাভাবিকতা। তবে গর্ভাবস্থায় মায়ের কোনও কাজকর্ম বা আচরণের জন্য এই রোগ হয়—এমন কোনও প্রমাণ নেই।

হেমানজিয়োমার লক্ষণ

এই সমস্যায় ত্বকে উজ্জ্বল বা গাঢ় লাল রঙের দাগ দেখা যায়। দাগটির আকার ও আকৃতি সময়ের সঙ্গে বদলাতে পারে। অনেক ক্ষেত্রে হেমানজিয়োমা ত্বকের গভীর স্তরে অবস্থান করে, ফলে বাইরে থেকে তা স্পষ্ট বোঝা যায় না।

চিকিৎসা কীভাবে হয়

হেমানজিয়োমার চিকিৎসা নির্ভর করে তার আকার, অবস্থান এবং বৃদ্ধির গতির উপর। বহু ক্ষেত্রে ৬ মাস নির্দিষ্ট ওষুধ সেবনে এই সমস্যা নিয়ন্ত্রণে চলে আসে। তবে জটিলতা দেখা দিলে লেজার থেরাপি বা অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

চিকিৎসকেরা জানাচ্ছেন, হেমানজিয়োমা সাধারণত বিনাইন, অর্থাৎ এটি ক্যানসারের লক্ষণ নয়। তবুও একে অবহেলা না করে নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা করানো জরুরি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত