ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

চেনা উপসর্গের বাইরে যেসব লক্ষণ হতে পারে ক্যানসারের ইঙ্গিত

২০২৬ ফেব্রুয়ারি ১০ ১১:৩১:৩২

চেনা উপসর্গের বাইরে যেসব লক্ষণ হতে পারে ক্যানসারের ইঙ্গিত

ক্যানসার এমন একটি রোগ, যা বয়স, লিঙ্গ বা সামাজিক অবস্থান—কাউকেই ছাড় দেয় না। তবে চিকিৎসাবিজ্ঞানের আধুনিক অগ্রগতির ফলে সঠিক সময়ে রোগ শনাক্ত করা গেলে আজ এই মারণ অসুখের সঙ্গেও লড়াই করে জীবন বাঁচানো সম্ভব হচ্ছে। তবু চিকিৎসকদের আক্ষেপ, বেশির ভাগ ক্ষেত্রেই ক্যানসার ধরা পড়ে অনেক দেরিতে। কারণ, প্রাথমিক পর্যায়ের উপসর্গগুলো অনেক সময় এতটাই সাধারণ হয় যে রোগী সেগুলিকে গুরুত্ব দেন না।

চিকিৎসকদের মতে, ক্যানসার সম্পর্কে সচেতনতা এবং অস্বাভাবিক শারীরিক পরিবর্তনের দিকে নজর রাখাই দ্রুত রোগ নির্ণয়ের প্রথম ধাপ। বিশেষজ্ঞদের সতর্কবার্তা—কিছু এমন লক্ষণ আছে, যেগুলো সাধারণ অসুখ ভেবে এড়িয়ে গেলে বিপদ বাড়তে পারে।

বিশ্বজুড়ে ক্যানসার সংক্রান্ত পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যার নিরিখে ভারতের অবস্থান তৃতীয়। যা নিঃসন্দেহে উদ্বেগজনক। তাই যে কোনও বয়সেই এই রোগ সম্পর্কে সচেতন থাকা জরুরি বলে মনে করছেন চিকিৎসকেরা।

কোন কোন লক্ষণে সতর্ক হবেন?

১। দীর্ঘদিনের ক্লান্তি ও অকারণ ওজন কমে যাওয়াদিনের পর দিন অস্বাভাবিক ক্লান্তি অনুভব করা, ধীরে ধীরে ওজন কমে যাওয়া কিংবা লাগাতার পেটের সমস্যা—এই উপসর্গগুলো অনেকেই বদহজম, অতিরিক্ত কাজের চাপ বা অন্য সাধারণ রোগের সঙ্গে মিলিয়ে নেন। টিবি বা ডায়াবিটিসের মতো রোগেও এমন লক্ষণ দেখা যায়। তবে দীর্ঘদিন ধরে এসব সমস্যা চললে তা ক্যানসারের ইঙ্গিতও হতে পারে। বিশেষ করে ওভারি, অন্ত্র বা প্রস্টেট ক্যানসারের ক্ষেত্রে পেটের অস্বস্তি, গ্যাস ও ওজন কমার মতো উপসর্গ দেখা দিতে পারে। নিজে নিজে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

২। রক্তপাতকে হালকা ভাবে নেবেন নামলের সঙ্গে রক্ত পড়া বা কাশির সঙ্গে রক্ত ওঠা—এই ধরনের ঘটনা একবার হলে অনেকেই বিষয়টি এড়িয়ে যান। কখনও কয়েকদিন পর তা বন্ধও হয়ে যায়। কিন্তু চিকিৎসকদের মতে, এমন উপসর্গ অনিয়মিত হলেও সতর্ক হওয়া জরুরি। কারণ এটি অন্ত্র, ফুসফুস কিংবা অন্য কোনও ক্যানসারের লক্ষণ হতে পারে। যদিও সব ক্ষেত্রেই যে ক্যানসার হবে, তা নয়—তবু পরীক্ষা করানো অত্যন্ত জরুরি।

৩। ব্যথাহীন ফোলা বা গাঁট উপেক্ষা করবেন নাশরীরের যে কোনও অংশে, বিশেষ করে স্তন, গলা, বগল বা কুঁচকিতে হঠাৎ ব্যথাহীন ফোলা বা গাঁট অনুভব করলে অবহেলা করা উচিত নয়। অনেক সময় এই ধরনের উপসর্গ ব্যথা না হওয়ায় রোগী গুরুত্ব দেন না। অথচ এটিই ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে।

চিকিৎসকদের বক্তব্য, অযথা আতঙ্কিত না হয়ে শরীরের অস্বাভাবিক পরিবর্তনগুলিকে গুরুত্ব দেওয়াই সবচেয়ে জরুরি। দ্রুত চিকিৎসকের কাছে গেলে রোগ নির্ণয় সহজ হয় এবং চিকিৎসায় সাফল্যের সম্ভাবনাও অনেক বেড়ে যায়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত