ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বয়স থামানোর গোপন উপাদান ,স্কোয়ালেন কীভাবে বদলে দেয় ত্বক

২০২৬ জানুয়ারি ২৭ ১৫:৩৬:৪৯

বয়স থামানোর গোপন উপাদান ,স্কোয়ালেন কীভাবে বদলে দেয় ত্বক

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের জেল্লা কমে যাওয়া, শুষ্কতা ও বলিরেখা দেখা দেওয়া স্বাভাবিক। এই প্রক্রিয়াকে ধীর করার জন্য বিশ্বজুড়ে চলছে নানা গবেষণা ও রূপচর্চার নতুন নতুন উপাদানের ব্যবহার। হায়ালুরনিক অ্যাসিড, রেটিনল বা নিয়াসিনামাইডের পর এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আরেকটি উপাদান— স্কোয়ালেন। ত্বকের আর্দ্রতা ও তারুণ্য ধরে রাখতে এটি নাকি দারুণ কার্যকর।

স্কোয়ালেন কী?

স্কোয়ালেন একটি প্রাকৃতিক লিপিড বা চর্বিজাতীয় উপাদান, যা আমাদের শরীরেই তৈরি হয়। লিভারে উৎপন্ন এই উপাদান ত্বকের গ্রন্থি থেকে নিঃসৃত তেলের সঙ্গে মিশে ত্বকের উপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে। এই স্তর ত্বককে আর্দ্র, নরম ও মসৃণ রাখার পাশাপাশি বাইরের ধুলোবালি ও সংক্রমণ থেকেও সুরক্ষা দেয়। ত্বকের প্রাকৃতিক লিপিড স্তরের প্রায় ১০–১২ শতাংশই স্কোয়ালেন।

স্কোয়ালেনের উপকারিতা

ত্বকের আর্দ্রতা ধরে রাখে, শুষ্ক ও খসখসে ভাব কমায়

অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে কাজ করে, ত্বকের ক্ষতি কমায়

ব্রণ, প্রদাহ ও চর্মরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে

বলিরেখা পড়া ধীর করে, ত্বকের স্বাভাবিক জেল্লা বজায় রাখে

স্কোয়ালেনের প্রাকৃতিক উৎস

বয়সের সঙ্গে সঙ্গে শরীরে স্কোয়ালেনের পরিমাণ কমতে থাকে। আগে হাঙরের লিভার থেকে স্কোয়ালেন সংগ্রহ করা হলেও এখন তা নিষিদ্ধ। বর্তমানে অলিভ অয়েল, আখের রস, ছত্রাক ও বিভিন্ন দানাশস্য থেকে স্কোয়ালেন সংগ্রহ করে প্রসাধনী পণ্যে ব্যবহার করা হয়।

কী ভাবে ব্যবহার করবেন?

স্কোয়ালেন মেশানো ময়েশ্চারাইজার বা ফেস সিরাম ব্যবহার করা সবচেয়ে সহজ উপায়। চাইলে আলাদা স্কোয়ালেন অয়েলও ব্যবহার করা যায়।

মুখ ধোয়ার পর হালকা ভেজা ত্বকে ২–৩ ফোঁটা স্কোয়ালেন অয়েল লাগাতে পারেন

সপ্তাহে ৩–৪ দিন ব্যবহার করলেই যথেষ্ট

নিয়মিত ব্যবহৃত ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়েও লাগানো যায়

চুলের যত্নে শ্যাম্পু, কন্ডিশনার বা হেয়ার অয়েলের সঙ্গে অল্প পরিমাণ ব্যবহার করা যেতে পারে

মেকআপের আগে হালকা করে লাগালে ত্বকের ক্ষতি কম হয়

কাদের জন্য উপকারী?

খুব শুষ্ক ও রুক্ষ ত্বকের জন্য

সংবেদনশীল ত্বক বা সহজে র‍্যাশ হওয়া ব্যক্তিদের জন্য

ব্রণ-প্রবণ ত্বকের ক্ষেত্রেও উপকার পাওয়া যেতে পারে

তবে যাঁদের অ্যালার্জি, একজিমা, সোরিয়াসিস বা কনট্যাক্ট ডার্মাটাইটিস রয়েছে, তাঁদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া স্কোয়ালেন ব্যবহার না করাই ভালো।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ