ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

গরম জলে স্নানেই সর্বনাশ, মেনোপজ়ে ত্বকচর্চার জরুরি টিপস

২০২৬ জানুয়ারি ২০ ১৭:২৯:০৬

গরম জলে স্নানেই সর্বনাশ, মেনোপজ়ে ত্বকচর্চার জরুরি টিপস

রজোনিবৃত্তি এবং তার আগের দুই থেকে তিন বছরের সময়কাল—যাকে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় বলা হয় ‘পেরিমেনোপজ়’—এই পর্বে মহিলাদের শরীরে হরমোনের বড়সড় ওঠানামা শুরু হয়। তার সরাসরি প্রভাব পড়ে ত্বকে। শুষ্কতা, রুক্ষতা, চুলকানি, উজ্জ্বলতা কমে যাওয়া—এমন নানা সমস্যায় ভোগেন বহু মহিলা।

সম্প্রতি সমাজমাধ্যমে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মুম্বইয়ের পুষ্টিবিদ বিশাখা শিবদাসানি। তাঁর মতে, এই সময় মহিলাদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের মাত্রা ক্রমশ কমতে থাকে। ইস্ট্রোজেন কমে গেলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা কমে যায়। ত্বকের প্রাকৃতিক তেল উৎপাদনও হ্রাস পায়। ফলে ত্বক হয়ে ওঠে শুষ্ক ও রুক্ষ।

অন্য দিকে প্রোজেস্টেরন হরমোনের ঘাটতির কারণেও ত্বকের তেলতেলে ভাব কমে যায়। এর ফলে ত্বকের উপরিভাগের সুরক্ষাকবচ দুর্বল হয়ে পড়ে। তাই এই সময় সঠিক ত্বকচর্চা অত্যন্ত জরুরি বলে মত পুষ্টিবিদের।

বিশাখা শিবদাসানি জানান, কিছু সাধারণ অভ্যাস মেনে চললে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তিনি পরামর্শ দিচ্ছেন—

খুব গরম জলে স্নান এড়িয়ে চলতে

স্নানের পর শক্ত তোয়ালে না ঘষে নরম তোয়ালে দিয়ে আলতো করে জল মুছতে

পেট্রোলিয়াম জেলি জাতীয় ঘন ময়েশ্চারাইজ়ার ব্যবহার করতে, যাতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে

হায়ালুরোনিক অ্যাসিড এবং ভিটামিন এ-যুক্ত স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহারে জোর দিতে

এই ঘরোয়া পদ্ধতিতে কাজ না হলে চিকিৎসকের পরামর্শে টপিক্যাল ক্রিম ব্যবহারের কথাও বলেছেন তিনি। নিয়মিত ও সঠিক রুটিন মেনে চললে রজোনিবৃত্তি এবং পেরিমেনোপজ়ের সময় ত্বকের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ