ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

২০২৬ জুন ১৭ ১৮:১৯:৫৩

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্টদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরিচালনার লক্ষ্যে কন্ট্রোল রুম চালু, অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম এবং পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। বোর্ড জানিয়েছে, পরীক্ষাসংক্রান্ত যেকোনো সমস্যা, অভিযোগ বা জরুরি তথ্য গ্রহণের জন্য বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রয়োজন অনুযায়ী এই কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।

কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর:

০২-২২৩৩৬৯৮১৫০১৫৫০৪১১২০৩০১৭১৪৯৯৪০৭৩০১৭৫৬১০৩১৫২

ই-মেইল: [email protected]

ক্যালকুলেটর ব্যবহারের বিষয়ে বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি নির্ধারিত কিছু সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। প্রোগ্রামেবল ক্যালকুলেটর বা স্মার্ট ডিভাইস পরীক্ষার হলে সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

অনুমোদিত ক্যালকুলেটরের মডেলগুলো হলো: FX-82MS, FX-100MS, FX-570MS, FX-991MS, FX-991ES, FX-991EX, FX-991ES Plus এবং FX-991CW।

এছাড়া পরীক্ষার্থীদের নন-প্রোগ্রামেবল কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে স্মার্টওয়াচ বা ডিজিটাল যোগাযোগ সুবিধাসম্পন্ন কোনো ডিভাইস ব্যবহার করা যাবে না।

পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় নিয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। যানজট ও জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষা কক্ষে প্রবেশসংক্রান্ত পূর্বের অন্যান্য নির্দেশনাও বহাল থাকবে।

উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা বোর্ড ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে উপস্থিত থাকা, প্রবেশপত্র ও প্রয়োজনীয় উপকরণ সঙ্গে রাখা এবং বোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত