ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

জাম্পা-কনোলির দাপটে শেষ হলো বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচ

২০২৬ জুন ১৭ ১৭:৩৮:৪৯

জাম্পা-কনোলির দাপটে শেষ হলো বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচ

চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে লড়াই করেও জয় তুলে নিতে পারল না বাংলাদেশ। ব্যাটিংয়ে হতাশাজনক পারফরম্যান্সের পর বোলাররা ম্যাচে ফেরার আভাস দিলেও শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় নিয়ে সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটামুটি ভালোই করেছিল বাংলাদেশ। সাইফ হাসান ১৪ বলে ২০ এবং তানজিদ হাসান ১০ রান করলেও ইনিংস বড় করতে পারেননি কেউই। সৌম্য সরকার ১৭ ও অধিনায়ক তাওহিদ হৃদয় ৮ রান করে সাজঘরে ফিরলে চাপে পড়ে স্বাগতিকরা।

মধ্য ও শেষ দিকে মাহেদি হাসান কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ২২ বলে ২৯ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। এছাড়া আবদুল গাফফার সাকলাইন ও পারভেজ হোসেন ইমন ১০ রান করে দলের সংগ্রহ বাড়ানোর চেষ্টা করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বাংলাদেশ ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয়।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অ্যাডাম জাম্পা। চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে তিন উইকেট শিকার করে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি। সমান তিন উইকেট নেন জোয়েল ডেভিসও। এছাড়া ম্যাট রেনশ নেন দুটি উইকেট।

১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। জশ ইংলিস ৫ ও অধিনায়ক মিচেল মার্শ ১৩ রান করে আউট হন। তবে এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কুপার কনোলি।

বাঁহাতি এই ব্যাটার মাত্র ২৭ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। টিম ডেভিড ২০ রান করে তাকে দারুণ সঙ্গ দেন। পরে ম্যাট রেনশ ১৮ এবং নিখিল চৌধুরী ১৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললে জয় সহজ হয়ে যায় সফরকারীদের।

বাংলাদেশের হয়ে আবদুল গাফফার সাকলাইন দুটি উইকেট নেন। এছাড়া মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মাহেদি হাসান ও রিশাদ হোসেন একটি করে উইকেট শিকার করেন।

শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে ১০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

এখন সিরিজে টিকে থাকতে হলে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। অন্যদিকে আত্মবিশ্বাসে উজ্জীবিত অস্ট্রেলিয়া চাইবে সিরিজে নিজেদের আধিপত্য আরও শক্তিশালী করতে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ