ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মিটারের মাসিক চার্জ বাতিল: গ্রাহকদের জন্য বড় স্বস্তির সিদ্ধান্ত

২০২৬ মার্চ ২৯ ১৫:৫৯:০৩

মিটারের মাসিক চার্জ বাতিল: গ্রাহকদের জন্য বড় স্বস্তির সিদ্ধান্ত

বিদ্যুৎ খাতে বড় স্বস্তির খবর এলো সাধারণ গ্রাহকদের জন্য। সরকার প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা রক্ষণাবেক্ষণ চার্জ সম্পূর্ণ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে প্রিপেইড মিটারের বাড়তি চার্জ নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হয়েছে। গ্রাহকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এবং জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এই চার্জ পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট একটি অর্থ কেটে নেওয়া হয়, যা মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে দেখানো হতো। তবে বহু গ্রাহক দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, মিটারের মূল মূল্য অনেক আগেই পরিশোধ হয়ে যাওয়ার পরও কেন এই অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছে।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অতীতে মিটার ক্রয়ে অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে যে আর্থিক চাপ তৈরি হয়েছিল, তা গ্রাহকদের ওপরই চাপানো হয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বের হয়ে এসে বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং জনগণের অর্থ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রিপেইড মিটার ব্যবহারকারীরা প্রতি মাসেই কিছুটা আর্থিক সাশ্রয় পাবেন, যা বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বড় স্বস্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত