ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

আবারও কমলো সোনার দাম

২০২৬ জুলাই ১৪ ১০:৫৯:২৬

আবারও কমলো সোনার দাম

বাংলাদেশের স্বর্ণবাজারে আবারও কমেছে সোনার দাম। একদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম আরও ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

বাজুস জানিয়েছে, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি (পিওর) সোনার দাম কমে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য ক্যারেটের সোনার দামও কমানো হয়েছে। এখন থেকে ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

বাজুস আরও জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব অনুমোদিত জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা, ডিজাইন ও কারুকাজের ওপর ভিত্তি করে অতিরিক্ত মেকিং চার্জ বা মজুরি যোগ হতে পারে। এছাড়া স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা হবে না। অলঙ্কার এক্সচেঞ্জ বা পুরোনো স্বর্ণ বিক্রির ক্ষেত্রেও বাজুসের বিদ্যমান নীতিমালা অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, এর আগের দিন অর্থাৎ ১৩ জুলাইও বাজুস সোনার দাম কমিয়েছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই দামের তুলনায় আরও ২ হাজার ১৫৮ টাকা কমেছে। অর্থাৎ মাত্র দুই দিনের ব্যবধানে প্রতি ভরি সোনার দাম মোট ৪ হাজার ৩৭৪ টাকা হ্রাস পেল, যা স্বর্ণ ক্রেতাদের জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত