ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

দেশে স্বর্ণের দামে ধস

২০২৬ জুলাই ১৩ ২০:০০:০১

দেশে স্বর্ণের দামে ধস

দেশের স্বর্ণের বাজারে আবারও মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন মূল্যতালিকায় ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। একই সঙ্গে কমেছে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম। পাশাপাশি রুপার দামেও নতুন সমন্বয় আনা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের দাম কমে যাওয়ায় এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম রাখা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন মূল্যতালিকাই কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা, কারুকাজ ও নির্মাণ ব্যয়ের ওপর ভিত্তি করে অতিরিক্ত মজুরি যোগ হবে। এছাড়া অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে, ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা হবে না। স্বর্ণালঙ্কার এক্সচেঞ্জ বা পুরোনো অলঙ্কার বিক্রির ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

এর আগে গত ১০ জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। নতুন সিদ্ধান্তে সেই দাম ২ হাজার ২১৬ টাকা কমেছে। একই সঙ্গে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামেও হ্রাস এসেছে।

চলতি বছরে স্বর্ণের দামে এটি ৯০তম সমন্বয়। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৫ বার কমেছে এবং একবার ভ্যাটের কারণে মূল্য সমন্বয় করা হয়েছে। তুলনামূলকভাবে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরিতে ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ২ হাজার ৮৫৮ টাকা করা হয়েছে।

চলতি বছরে রুপার দাম মোট ৫৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৮ বার দাম বৃদ্ধি এবং ২৮ বার দাম কমানো হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে রুপার দাম পরিবর্তন করা হয়েছিল ১৩ বার, যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং মাত্র ৩ বার কমানো হয়েছিল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত