ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রথম রোজাতেই একলাফে বেড়ে গেলো পেঁয়াজের দাম

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১২:২১:১৬

প্রথম রোজাতেই একলাফে বেড়ে গেলো পেঁয়াজের দাম

পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর বাজারে পেঁয়াজের দাম অস্থির হয়ে উঠেছে। সরবরাহ সংকট ও চাহিদার বৃদ্ধির কারণে মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা বাড়ে। বর্তমানে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার ও রায়েরবাজারসহ বিভিন্ন বাজারে সরেজমিনে দেখা যায়, ছোট আকারের পেঁয়াজ ৫৫ টাকায় বিক্রি হলেও ভালো মানের পেঁয়াজের জন্য ক্রেতাদের কমপক্ষে ৬০ টাকা দিতে হচ্ছে। এমন চড়া দামে সাধারণ ক্রেতাদের উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

পেঁয়াজ বিক্রেতা হাসান মাহমুদ বলেন, “গত দুই-তিন দিন ধরে পেঁয়াজের দাম ক্রমেই বাড়ছে। মৌসুমের শেষের দিকে সরবরাহ কমে যাওয়া, পরিবহন খরচ বৃদ্ধি এবং রমজানের চাহিদা দাম বাড়ানোর মূল কারণ।” খুচরা বিক্রেতারা জানান, পাইকারি বাজারে বেশি দামে পেঁয়াজ কেনার কারণে তারা বাধ্য হয়ে দাম বাড়াতে বাধ্য হচ্ছেন।

একজন ক্রেতা মারুফ হোসেন বলেন, “রমজান এলেই ব্যবসায়ীরা ক্রেতাদের পকেট কেটে দামে বৃদ্ধি করে। গত সপ্তাহে ১০০ টাকায় দুই কেজি পেঁয়াজ কিনেছিলাম, আজ তা কিনতে গেলে ১২০ থেকে ১৩০ টাকা দিতে হবে।”

রিকশাচালক শুক্কুর আল আমিন বলেন, “দুই দিন আগে ভ্যানগাড়ি থেকে ৫০ টাকা কেজি দরে কিনেছি। ছোট পরিবারের জন্য সপ্তাহখানেক চলবে, কিন্তু পরে অবশ্যই বেশি দামে কিনতে হবে। রোজার সময় দাম বাড়বে এটা জানতামই, ব্যবসায়ীরা রোজা শুরু হলে দাম বাড়িয়ে দেয়।”

বিশেষজ্ঞদের মতে, রমজানের শুরুতেই খাদ্যপণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে স্বাভাবিক মূল্যচালনা ব্যাহত হয়। ক্রেতাদের সতর্ক থাকতে হবে এবং পেঁয়াজ কিনতে গেলে সরবরাহ ও দাম ভালোভাবে যাচাই করা উচিত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত