ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রমজানে সেহরি-ইফতারে বিদ্যুৎ যাবে না—কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৭:২৬:৫৭

রমজানে সেহরি-ইফতারে বিদ্যুৎ যাবে না—কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের বিপুল সমর্থনের প্রতিদান দিতে সরকারকে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা যেন কোনো ধরনের প্রভাব বা স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করেন এবং দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেন।

রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, সেহরি-ইফতার ও তারাবির সময় বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড দ্রুত দৃশ্যমানভাবে বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার বিষয়েও বৈঠকে আলাপ হয় বলে জানান প্রতিমন্ত্রী।

এছাড়া দেশের শ্রমবাজার, বিশেষ করে মধ্যপ্রাচ্যভিত্তিক শ্রমবাজার পুনরায় সক্রিয় করার বিষয়ে আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সময়ের ধারাবাহিকতার কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।

সরকার ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত