ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নবম পে স্কেলের দাবিতে দেশজুড়ে কর্মবিরতিতে সরকারি কর্মচারীরা

২০২৬ ফেব্রুয়ারি ০১ ১৮:৫০:৫৯

নবম পে স্কেলের দাবিতে দেশজুড়ে কর্মবিরতিতে সরকারি কর্মচারীরা

নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে দেশের সরকারি, আধা–সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা আবারও আন্দোলনে নেমেছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি, অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, সোমবার ও মঙ্গলবারও একই ধরনের কর্মসূচি চলবে।

কর্মচারীরা জানান, পে স্কেল সংশোধনের দাবি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। এ বিষয়ে সরকার একটি নতুন কমিশন গঠন করে এবং তাদের প্রতিবেদন ইতোমধ্যে সরকারের হাতে পৌঁছেছে। কিন্তু গেজেট প্রকাশে বিলম্ব হওয়ায় এবং সরকারের একজন উপদেষ্টা কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করার ইঙ্গিত দেওয়ায় কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

সকালে কর্মসূচি শুরুর সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন দপ্তর, দফতর ও অফিসে দুই ঘণ্টা সেবা কার্যক্রম বন্ধ থাকে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। তবে আন্দোলনকারীরা বলেন, তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। তাদের দাবি— জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার পরও ন্যূনতম বেতন না বাড়ালে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। সরকার দাবি মেনে নিলে তারা তাৎক্ষণিক কাজে ফিরে যাবেন।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ৩০ জানুয়ারি ঘোষণা দেয় যে ১ থেকে ৩ ফেব্রুয়ারি তিনদিন প্রতিদিন দুই ঘণ্টা করে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এই সময়ের মধ্যে কোনো সমাধান না হলে ৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা' অভিমুখে ভুখা মিছিল করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত