ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

চুল রুক্ষ ও প্রাণহীন, শীতে চুলে ঘি মাখলেই চুল হবে নরম ও ঝলমলে

২০২৬ জানুয়ারি ২০ ১২:২৫:১৮

চুল রুক্ষ ও প্রাণহীন, শীতে চুলে ঘি মাখলেই চুল হবে নরম ও ঝলমলে

শীত এলেই চুলের আরেক দফা সমস্যার শুরু হয়। শুষ্কতা, রুক্ষ ভাব আর ফ্রিজি হেয়ার যেন পিছু ছাড়ে না। তেল মেখে, কন্ডিশনার লাগিয়েও অনেক সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। কেউ কেউ নিয়মিত পার্লারে গিয়ে হেয়ার স্পা করিয়েও চুলের হাল ফেরাতে পারছেন না। তবে এত ঝামেলা না করে ঘরোয়া একটি উপায়েই মিলতে পারে সমাধান—আর সেটি হলো ঘি।

রান্নাঘরে থাকা এই উপাদানটি চুলের যত্নেও যে কতটা কার্যকর, তা অনেকেই জানেন না। বিশেষ করে শীতকালে আর্দ্রতার অভাবে চুল যখন প্রাণহীন হয়ে পড়ে, তখন ঘি হতে পারে প্রাকৃতিক ময়েশ্চারাইজার।

বিশেষজ্ঞদের মতে, ঘিয়ের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন এ চুলের গভীরে পুষ্টি জোগায়। এটি চুলের শুষ্ক ভাব কমিয়ে চুলকে নরম ও মসৃণ করে তোলে। পাশাপাশি চুলের টেক্সচার উন্নত হয় এবং ফ্রিজি হেয়ার নিয়ন্ত্রণে আসে।

শুধু তাই নয়, নিয়মিত ঘি ব্যবহার করলে খুশকির সমস্যাও ধীরে ধীরে কমে। শুষ্ক ও রুক্ষ চুলে যে স্প্লিট এন্ডের সমস্যা দেখা দেয়, সেটিও কমাতে সাহায্য করে ঘি। সূর্যের ক্ষতিকর রশ্মি ও দূষণের কারণে চুল যে জেল্লা হারায়, তা ফিরিয়ে আনতেও ঘি বেশ কার্যকর।

কীভাবে চুলে ঘি মাখবেন?

চুলে ঘি ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম মানা জরুরি। রাতভর ঘি মেখে রাখার প্রয়োজন নেই। এতে বরং চুলে ময়লা জমতে পারে।

গোসলের ৩০ মিনিট আগে চুলে ঘি মাখুন

সপ্তাহে ৩–৪ দিন, টানা ২–৩ সপ্তাহ ব্যবহার করলে ফল পাওয়া যায়

সরাসরি ঘি ব্যবহার করা যায়

হালকা গরম করে নিলে আরও ভালো ফল মেলে

চাইলেই নারকেল তেলের সঙ্গে ঘি মিশিয়ে ব্যবহার করতে পারেন। খুশকির সমস্যা থাকলে ঘির সঙ্গে লেবুর রস ও আমন্ড অয়েল মিশিয়ে মাখা যেতে পারে। এছাড়া অ্যালোভেরা জেলের সঙ্গে ঘি মিশিয়েও ব্যবহার করা যায়, যা চুলকে আরও নরম ও উজ্জ্বল করে তোলে।

অল্প যত্নেই যদি চুলে প্রাকৃতিক জেল্লা ও মসৃণতা ফেরানো যায়, তাহলে শীতকালে ঘি হতে পারে আপনার চুলের নতুন বন্ধু।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ