ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

জানা গেল এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি: কবে শুরু কোন পরীক্ষা

২০২৬ জানুয়ারি ১২ ১৬:০৯:৩৩

জানা গেল এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি: কবে শুরু কোন পরীক্ষা

দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। চলতি বছরের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুন মাসের শেষ সপ্তাহে।

এদিকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১ মার্চ থেকে। শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই নেওয়া হচ্ছে।

সাধারণত স্বাভাবিক শিক্ষাবর্ষ অনুযায়ী প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। তবে করোনা মহামারি, শিক্ষা কার্যক্রমে দীর্ঘ বিরতি, এরপর জাতীয় নির্বাচন ও রমজান মাসের মতো গুরুত্বপূর্ণ সময়সূচির কারণে গত কয়েক বছর ধরে এই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি।

চলতি বছরও জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাসকে বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা কিছুটা পিছিয়ে এপ্রিলের শেষ সপ্তাহে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা ও ফরম পূরণের কার্যক্রম শেষ হয়েছে। বর্তমানে প্রশ্নপত্র প্রণয়ন, কেন্দ্র প্রস্তুতি ও প্রশাসনিক কার্যক্রমসহ চূড়ান্ত প্রস্তুতি চলছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির সাংবাদিকদের জানান,“আমাদের প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণের কাজ শেষ পর্যায়ে। মাঠ পর্যায় থেকে বিশেষ কোনো অনুরোধ এলে প্রয়োজনে ফরম পূরণের সময় দু-এক দিন বাড়ানো হতে পারে।”

এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে তিনি আরও বলেন,“আগামী ১ মার্চ থেকে ফরম পূরণ শুরু হবে। আশা করছি, এক থেকে দুই সপ্তাহের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে।”

শিক্ষা বোর্ডের এই ঘোষণায় শিক্ষার্থীরা এখন চূড়ান্ত প্রস্তুতির দিকে মনোযোগ দেওয়ার সময় হাতে পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত