ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

২০২৬ জুন ০১ ২০:১০:৫৪

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রসমূহে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং প্রশ্নপত্র গ্রহণ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা কেন্দ্রগুলোর সিসিটিভি ক্যামেরার ডিভিআর অথবা এনভিআর-এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখতে হবে। এছাড়া ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের তথ্য জরুরি ভিত্তিতে বোর্ডে পাঠাতে হবে। আগামী ৮ জুনের মধ্যে নির্ধারিত ইমেইলে ([email protected]) এই তথ্যগুলো প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ডের চাহিদা অনুযায়ী, সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড (ক্যামেরা ব্র্যান্ড ও ডিভাইস সিরিয়াল নম্বরসহ) এবং যেসকল শিক্ষক, কর্মচারী ও ট্যাগ অফিসার ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ করবেন, তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর জমা দিতে হবে। বোর্ড কর্তৃপক্ষ এই বিষয়টিকে 'অতীব জরুরি' বলে উল্লেখ করেছে।

অন্যদিকে, পরীক্ষার্থীদের সুবিধার্থে চলতি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ফরম পূরণ করা যাবে। 'সোনালী সেবার' মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখও ১৬ জুন নির্ধারণ করা হয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত