ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

২০২৬ মে ১১ ১৭:২৫:৪৩

সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কঠোর নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। বিদ্যালয়ের পরিবেশ উন্নত ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখতে পেয়েছেন। এতে সাধারণ মানুষের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে এবং শিক্ষার পরিবেশও ব্যাহত হচ্ছে।

চিঠিতে বিদ্যালয়ের প্রাঙ্গণ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি ভবনের ছাদ পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভবনের কার্নিশে জন্ম নেওয়া আগাছা দ্রুত অপসারণের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সরকারি স্থাপনার সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যালয়ের পরিচ্ছন্ন পরিবেশ শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের তদারকি জোরদার করার নির্দেশও দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত