ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সরকারি চাকরিজীবীদের সুখবর: এক লাফে বাড়লো বিশেষ সুবিধা, বাজেটে বড় সিদ্ধান্ত

২০২৬ জানুয়ারি ১০ ১১:৩৭:৩৮

সরকারি চাকরিজীবীদের সুখবর: এক লাফে বাড়লো বিশেষ সুবিধা, বাজেটে বড় সিদ্ধান্ত

নতুন অর্থবছর ২০২৫-২৬ এর জন্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের অনুমোদিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটে চাকরিজীবীদের ন্যূনতম বিশেষ সুবিধা বাড়িয়ে করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ৭৫০ টাকা।

এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান এবং অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

অর্থ উপদেষ্টা জানান, প্রস্তাবিত বাজেটের কিছু অংশে সামান্য সংশোধন এনে বাকি কাঠামো অপরিবর্তিত রেখে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধনের অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ সুবিধার পরিমাণ বাড়ানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব পেনশনভোগী মাসে ১৭ হাজার ৩৮৮ টাকার বেশি পান, তারা ১০ শতাংশ হারে এবং এর কম পেনশনপ্রাপ্তরা ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন। পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ ও এমপিওভুক্ত শিক্ষকদের জন্যও আলাদা আদেশ জারির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে ৩ জুন জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের অতিরিক্ত ১০ শতাংশ এবং দশম থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন। তখন সর্বনিম্ন পরিমাণ ছিল চাকরিজীবীদের জন্য ১ হাজার টাকা এবং পেনশনভোগীদের জন্য ৫০০ টাকা। সর্বশেষ সিদ্ধান্তে সেই অঙ্ক আরও বাড়ানো হলো।

এছাড়া অবসর-উত্তর ছুটিতে থাকা কর্মকর্তা, বরখাস্ত অবস্থায় থাকা কর্মচারী (শেষ মূল বেতনের ৫০ শতাংশ হিসেবে) এবং কিছু চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তরাও এই সুবিধার আওতায় থাকবেন। তবে যারা বিনা বেতনে ছুটিতে রয়েছেন কিংবা পেনশনের সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন সুবিধা নিয়েছেন, তারা এই সুবিধা পাবেন না।

স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই অতিরিক্ত ব্যয় তাদের নিজস্ব বাজেট থেকেই বহন করতে হবে বলে জানানো হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত