ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

হাসনাত আব্দুল্লাহর আসনের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নির্বাচন করতে পারবেন না

২০২৬ জানুয়ারি ০৮ ১৯:০২:৫০

হাসনাত আব্দুল্লাহর আসনের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নির্বাচন করতে পারবেন না

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী আর অংশ নিতে পারছেন না। ঋণখেলাপির তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে আইনগতভাবে তিনি আবারও ঋণখেলাপি হিসেবে বিবেচিত হচ্ছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তের মাধ্যমে মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণের পথ কার্যত বন্ধ হয়ে গেল।

শুনানিতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে যুক্তি উপস্থাপন করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। তিনি আদালতকে জানান, সংশ্লিষ্ট প্রার্থী ব্যাংকঋণ পরিশোধে খেলাপি হওয়ায় সংবিধান ও নির্বাচন আইন অনুযায়ী তার সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। আদালত তার বক্তব্য গ্রহণ করে হাইকোর্টের আগের আদেশ স্থগিত করেন।

এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ, বিচারপতি এ কে এম রবিউল হাসান–এর নেতৃত্বে, ঋণখেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম সাময়িকভাবে স্থগিত করেছিলেন। তবে সেই আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক চেম্বার আদালতে আবেদন করলে সর্বশেষ এই সিদ্ধান্ত আসে।

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যিনি জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী। বিএনপি প্রার্থীর অযোগ্য ঘোষণার ফলে এই আসনের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত