ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

হঠাৎ কর্মসূচি স্থগিত, রাতে জরুরি বৈঠকে বসছে বিএনপি

২০২৫ ডিসেম্বর ১৯ ১৮:৫১:৫৪

হঠাৎ কর্মসূচি স্থগিত, রাতে জরুরি বৈঠকে বসছে বিএনপি

দেশের চলমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পূর্বনির্ধারিত দুটি রাজনৈতিক কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে দলটির দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে যে কর্মসূচি হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে বিকেল ৪টায় কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচিতেও বিরতি দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, গুরুত্বপূর্ণ ও জরুরি রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দলীয় সাংগঠনিক বিষয় এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, পূর্বঘোষিত দুটি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং পরিস্থিতি পর্যালোচনার জন্য রাতেই স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত