ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ঘাড়ের কালচে ছোপ শুধু সৌন্দর্যের সমস্যা নয়, লুকিয়ে রাখতে পারে বড় রোগ

২০২৫ ডিসেম্বর ১৮ ১১:০৪:১৩

ঘাড়ের কালচে ছোপ শুধু সৌন্দর্যের সমস্যা নয়, লুকিয়ে রাখতে পারে বড় রোগ

ঘাড়, গলা কিংবা বাহুমূলে হঠাৎ করে কালচে ছোপ পড়তে শুরু করেছে? অনেকেই একে ময়লা জমা বা ত্বকের সাধারণ সমস্যা ভেবে উপেক্ষা করেন। কিন্তু চিকিৎসকদের মতে, এই ধরনের পরিবর্তন শরীরে কোনও গুরুতর রোগের আগাম ইঙ্গিত হতে পারে। বিশেষ করে ডায়াবিটিসের ক্ষেত্রে ত্বকে একাধিক লক্ষণ আগে থেকেই দেখা দিতে শুরু করে।

বর্তমানে ভারতে ডায়াবিটিস আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। কম বয়সিদের মধ্যেও এই রোগের প্রবণতা বেড়ে চলেছে। রক্ত পরীক্ষা ছাড়া ডায়াবিটিস ধরা পড়া কঠিন হলেও, শরীর আগাম কিছু সংকেত দেয়, যার মধ্যে ত্বকের পরিবর্তন অন্যতম।

চিকিৎসকদের মতে, ঘাড় ও গলার কাছে কালচে ও মোটা ছোপ পড়ার প্রধান কারণ হতে পারে রক্তে ইনসুলিনের ভারসাম্যহীনতা। এই সমস্যাকে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় বলা হয় অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স। এটি সাধারণত ইনসুলিন রেজিস্ট্যান্স ও টাইপ ২ ডায়াবিটিসের সঙ্গে যুক্ত।

ডায়াবিটিসে ত্বকে আরও যে উপসর্গগুলি দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে অতিরিক্ত শুষ্ক ও খসখসে চামড়া, ত্বকে লালচে দাগ বা চুলকানি, ছোট ছোট ফুস্কুড়ি, ক্ষত সারতে দেরি হওয়া এবং বারবার সংক্রমণ। অনেক ক্ষেত্রে সামান্য কাটা-ছেঁড়াও বড় আকার ধারণ করতে পারে।

চিকিৎসকদের পরামর্শ, এই ধরনের উপসর্গ দেখা দিলে দেরি না করে রক্তে শর্করার পরীক্ষা করানো জরুরি। ফাস্টিং ব্লাড সুগার, খাবারের দুই ঘণ্টা পর সুগার এবং HbA1c পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা সম্ভব। সময়মতো চিকিৎসা শুরু হলে জীবনযাপনে পরিবর্তন এনে এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।

বিশেষজ্ঞদের মতে, ত্বকের এই দাগ কেবল প্রসাধনী সমস্যা নয়। মূল রোগ নিয়ন্ত্রণে আনলেই ধীরে ধীরে ত্বকের অবস্থারও উন্নতি হয়। তাই শরীরের এই সতর্ক সংকেতকে অবহেলা না করাই বুদ্ধিমানের।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ