ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

হাদির পর এবার টার্গেটে তিনজন

২০২৫ ডিসেম্বর ১৫ ১৫:০৯:০৩

হাদির পর এবার টার্গেটে তিনজন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পর এবার তিনজন পরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্বকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। হুমকির মুখে পড়েছেন নির্মাতা অনন্য মামুন, নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটর মাবরুর রশিদ বান্নাহ এবং অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধারাবাহিকভাবে এসব হুমকিমূলক পোস্ট দেওয়া হচ্ছে বলে জানা গেছে। “ডাল্টন সৌভাতো হীরা” নামের ওই অ্যাকাউন্ট থেকেই এর আগে ওসমান শরীফ হাদিকেও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

হুমকিদাতার পোস্টে অনন্য মামুনকে কটূক্তি করে তার চলচ্চিত্রে বিনিয়োগ না করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে নিরাপত্তাহীনতার ইঙ্গিত দিয়ে ভয়ভীতি প্রদর্শনের ভাষা ব্যবহার করা হয়।

অন্যদিকে, মাবরুর রশিদ বান্নাহ ও রুকাইয়া জাহান চমককে ঘিরে আরও ভয়ংকর দাবি করা হয়েছে। পোস্টে বলা হয়, তাদের কাউকে যদি ভবিষ্যতে মিডিয়ায় কাজের জন্য ডাকা হয়, তবে সেটি সংশ্লিষ্টদের নিজ দায়িত্বে করতে হবে। হুমকিদাতা দাবি করেছে, এই দু’জনকে কাজে নেওয়ার ফলে যদি কারও নিরাপত্তা বিঘ্নিত হয়, তার দায় তারা নেবে না।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—হুমকিদাতা দাবি করেছে, বান্নাহ ও চমকের ফোন, লোকেশন এবং ব্যক্তিগত তথ্য ট্র্যাক করা হচ্ছে। এমনকি একটি তথাকথিত “আইটি টিম”-এর মাধ্যমে তাদের যাবতীয় ডিজিটাল এক্সেস নজরদারিতে নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

বিশেষ করে অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের ব্যক্তিগত ফোন নম্বর ফাঁসের অভিযোগ উঠেছে, যা পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে।

এই ধারাবাহিক হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় বিনোদন অঙ্গনে গভীর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, এটি কেবল মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত নয়, বরং সরাসরি ব্যক্তিগত নিরাপত্তার জন্য বড় হুমকি।

এ বিষয়ে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল দ্রুত আইনি পদক্ষেপ ও ডিজিটাল অপরাধ তদন্তের দাবি জানাচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত