ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

কথা রাখলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

২০২৫ ডিসেম্বর ১২ ২২:০২:২৩

কথা রাখলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চল রেজামণিপাড়া ও কারিগরপাড়ার মানুষের বহুদিনের কষ্ট—বিশুদ্ধ পানির অভাব। পাহাড়ি কূপ, ঝিরিঝিরি ধারা অথবা দীর্ঘ পথ হেঁটে পানি সংগ্রহ করা ছিল তাদের প্রতিদিনের বাস্তবতা। অবশেষে সেই জল সংকটের সমাধান এসেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামানের প্রত্যক্ষ নির্দেশনায়।

গত ২৯ মার্চ রেজামণিপাড়া আর্মি ক্যাম্প সফরকালে স্থানীয় মানুষের মুখে পানির দুর্ভোগের কথা জানতে পারেন সেনাপ্রধান। তখনই তিনি টেকসই সমাধানের জন্য সৌরবিদ্যুৎচালিত বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। দ্রুত উদ্যোগের ফলেই কয়েক মাসের মধ্যেই সম্পন্ন হলো প্রকল্পটি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ আনুষ্ঠানিকভাবে সৌরচালিত পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন,“পাহাড়ে শান্তি ও নিরাপত্তার পাশাপাশি জীবনমান উন্নয়নেও সেনাবাহিনী সমানভাবে কাজ করছে। সেনাপ্রধানের নির্দেশেই এই বিশুদ্ধ পানি প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে।”

রেজামণিপাড়া ও কারিগরপাড়ার প্রায় ১২০টি পরিবার দীর্ঘদিন ধরে ঝিরি ও কূপের পানির ওপর নির্ভরশীল ছিল। কিন্তু বর্তমানে তারা ঘরে বসেই পাচ্ছেন বিশুদ্ধ পানি—যা তাদের জীবনযাত্রায় এক বিরাট পরিবর্তন এনে দিয়েছে। স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান কর্মজীবনের শুরুর দিকে রেজামণিপাড়া আর্মি ক্যাম্পে ক্যাম্প কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তাই এ অঞ্চলের সঙ্গে তার রয়েছে বিশেষ সম্পর্ক।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত