ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

এনসিপির মনোনয়ন পেলেন বিএনপির এমপি

২০২৫ ডিসেম্বর ১০ ১৫:৩২:৪৯

এনসিপির মনোনয়ন পেলেন বিএনপির এমপি

বহু রাজনৈতিক যোগ–বিয়োগের পর পুনরায় নির্বাচনী মাঠে ফিরলেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও অভিজ্ঞ রাজনীতিক মেজর (অব.) মঞ্জুর কাদের। বিএনপি থেকে পদত্যাগের মাত্র দুই দিনের মাথায় তিনি এবার সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন পেয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) প্রকাশিত এনসিপির ১২৫ প্রার্থীর তালিকায় তার নাম নিশ্চিত করা হয়।

এর আগে সোমবার ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং দলীয় প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন। মঙ্গলবার তার পদত্যাগপত্র গ্রহণ করে বিএনপি।

রাজনীতিতে তার পথচলা বরাবরই বহুমাত্রিক। ১৯৮৬ সালে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন এবং একই বছর পাবনা–১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরের নির্বাচনেও একই আসনে জয় পান এবং ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।১৯৯৬ সালে জাতীয় পার্টি ছাড়ার পর তিনি যোগ দেন বিএনপিতে। সেখান থেকেও দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন—১৯৯৬ সালে পাবনা–১ এবং ২০০১ সালে সিরাজগঞ্জ–৬ আসন থেকে। পরে আসন পুনঃবিন্যাসের ফলে এ এলাকা সিরাজগঞ্জ–৫ নামে পরিবর্তিত হয়।

২০০৮ সালের নির্বাচনে এই আসন থেকেই বিএনপির মনোনয়ন পান তিনি, যদিও অতি অল্প ২৫২ ভোটে পরাজিত হন আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাসের কাছে।

বর্তমানে সিরাজগঞ্জ–৫ আসনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও জমজমাট হয়ে উঠেছে। কারণ—এই আসনে এখন তিন দলের তিনজন প্রার্থী মনোনয়ন পেয়েছেন: এনসিপির মঞ্জুর কাদের, বিএনপি নেতা আমিরুল ইসলাম খান আলিম এবং জেলা জামায়াতের অধ্যক্ষ আলী আলম।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত