ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আজ খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত মুহূর্তেই বদলে গেল

২০২৫ ডিসেম্বর ০৫ ১৬:২২:৫৪

আজ খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত মুহূর্তেই বদলে গেল

হঠাৎ দেখা দেওয়া জটিলতার কারণে আজ লন্ডনে নেওয়া হচ্ছে না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় যাত্রার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে বিএনপির মিডিয়া সেল সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় পৌঁছাতে না পারায় সমগ্র প্রক্রিয়া একদিন পিছিয়ে যাচ্ছে। ফখরুল জানান, সব ঠিক থাকলে বিমানটি শনিবার আসতে পারে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে আগামী রবিবার খালেদা জিয়ার লন্ডন যাত্রা সম্পন্ন হবে।

দলীয় সূত্র বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। তিনি হাসপাতালেই খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজন হলে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন গতকাল জানান, চিকিৎসা বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে এয়ার অ্যাম্বুলেন্স বিলম্ব হওয়ায় নতুন সময়সূচি নির্ধারণ করতে হচ্ছে।

৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড ও চোখের নানা সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর হৃদপিণ্ড ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

অন্যদিকে, তার দ্রুত সুস্থতা কামনায় আজ সারা দেশের মসজিদ-মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা কর্মসূচি পালন করছে বিএনপি। দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার আরোগ্যের জন্য দোয়া চাওয়া হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত