ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত যে সময়ে লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে

২০২৫ ডিসেম্বর ০৫ ১০:২০:০৫

এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত যে সময়ে লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ এখন চূড়ান্ত পর্যায়ে। দলের শীর্ষ সূত্রগুলো জানাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে ৭ ডিসেম্বর সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডন নেওয়া হতে পারে। এই উদ্দেশ্যে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ৬ ডিসেম্বর বিকেলেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পুরো ভ্রমণকালেই তার সঙ্গে থাকবেন পুত্রবধূ চিকিৎসক ডা. জোবায়দা রহমান। বিদেশে অবস্থান থেকে পুরো সমন্বয় করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে খালেদা জিয়ার যাত্রার প্রস্তুতির অংশ হিসেবে ডা. জোবায়দা রহমান লন্ডন থেকে ঢাকা আসার পথে রয়েছেন। তিনি বুধবার বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২০২–তে হিথ্রো থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ঢাকায় পৌঁছে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসা–সংক্রান্ত কার্যক্রমে যুক্ত হবেন।

তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন সোশ্যাল মিডিয়ায় জানান, লন্ডন থেকে জোবায়দাই খালেদা জিয়ার বিদেশযাত্রার সব প্রস্তুতি তদারকি করছেন। তিনি যত দ্রুত সম্ভব ঢাকায় পৌঁছানোর চেষ্টা করছেন—যাতে লন্ডন যাত্রায় সঙ্গে থাকতে পারেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের ভেতরে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা সুবিধা না থাকায় তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক জটিলতা দিন দিন বাড়ছে, তাই দ্রুত তাকে বিদেশে নেওয়া প্রয়োজন।

বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বিশেষায়িত ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক দলের মতে, কিছু জরুরি চিকিৎসা সুবিধা দেশে না থাকায় লন্ডনে নেওয়া ছাড়া বিকল্প নেই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত