ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

চরম দু:সংবাদ : আন্দোলনের ‘মূল্য’ দিতে হলো শত শত শিক্ষককে

২০২৫ ডিসেম্বর ০৫ ১০:০৫:৫৬

চরম দু:সংবাদ : আন্দোলনের ‘মূল্য’ দিতে হলো শত শত শিক্ষককে

প্রাথমিক শিক্ষকদের তিন দফা আন্দোলন এবার বড় ধরনের প্রশাসনিক ব্যবস্থায় রূপ নিল। দাবি আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা অসংখ্য সহকারী শিক্ষককে হঠাৎই নিজ জেলা থেকে অন্য জেলায় বদলি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষকরা বলছেন—এটি কার্যত শাস্তিমূলক বদলি, যা ‘স্ট্যান্ড রিলিজ’ নামে আদেশে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের সহকারী পরিচালক মাহফুজা খাতুনের সই করা অফিস আদেশে এই বদলির নির্দেশ আসে। আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের বহু নেতাকর্মীও তালিকায় রয়েছেন বলে আন্দোলনকারীরা অভিযোগ করেছেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দিন মাসুদকে নোয়াখালী থেকে বদলি করে পাঠানো হয়েছে লক্ষ্মীপুরে। তিনি জানান, শুধু নোয়াখালী জেলাতেই প্রায় ৪০ জন শিক্ষককে অন্য জেলায় বদলি করা হয়েছে। সারাদেশের হিসাব অনুযায়ী এই সংখ্যা পৌঁছেছে প্রায় ৫০০–৫৫০ জনে।

সাধারণত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজের জেলাতেই পদায়ন পান এবং জেলায় জেলায় বদলির প্রচলন নেই। তবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে ভিন্ন জেলায় বদলি করা হয়ে থাকে। আন্দোলনে অংশ নেওয়ায় এবার সেই প্রক্রিয়াই অনুসরণ করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই বিষয়ে জানতে চাইলে সহকারী পরিচালক মাহফুজা খাতুন জানান—উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ‘প্রশাসনিক কারণেই’ এই বদলি দেওয়া হয়েছে। তবে মোট কতজন শিক্ষক বদলির আওতায় পড়েছেন, সে সংখ্যা তিনি নিশ্চিত করে জানাতে পারেননি।

শিক্ষক মহলে এই ব্যাপক বদলি নিয়ে তীব্র আলোচনা চলছে, এবং আন্দোলনকারীরা এটি ‘চাপ প্রয়োগের কৌশল’ বলে দাবি করছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত