ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

১৮ ছক্কা, ২৩৫ গড়, ১৮৫ স্ট্রাইক রেট, বাংলাদেশের শিরোপা স্বপ্নে বড় বাধা সাদাকত

২০২৫ নভেম্বর ২৩ ১৬:৪৩:২১

১৮ ছক্কা, ২৩৫ গড়, ১৮৫ স্ট্রাইক রেট, বাংলাদেশের শিরোপা স্বপ্নে বড় বাধা সাদাকত

এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে আবার মুখোমুখি বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান ‘এ’ দল। ছয় বছর আগে এই আসরের অনূর্ধ্ব–২৩ সংস্করণের ফাইনালে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। এবার কাতারের দোহায় দলটি শিরোপা জয়ের সুযোগ পেয়েছে আকবর আলীর নেতৃত্বে। তবে ফাইনালের আগে সবচেয়ে বড় চিন্তার নাম পাকিস্তানের ওপেনার মাজ সাদাকত।

এই ওপেনার পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত অসাধারণ ফর্মে রয়েছেন। চার ম্যাচে তাঁর সংগ্রহ ২৩৫ রান; গড়ও ঠিক এতটাই—২৩৫। এর মূল কারণ তিনি চারটির মধ্যে তিন ম্যাচেই অপরাজিত ছিলেন। শুধু সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে আউট হন, তাও ১১ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলে। তাঁর স্ট্রাইক রেট ১৮৫-এরও বেশি। এছাড়া টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮টি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে, যা বাংলাদেশ দলের জন্য বড় সতর্কবার্তা।

ভারত ‘এ’ দলের বিপক্ষে চাপের মুখে খেলেছেন অপরাজিত ৭৯ রানের ম্যাচজয়ী ইনিংস। ফাইনালে মাত্র ৫ রান করলেই তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে যাবেন। তাই তাঁর ওপর বাড়তি পরিকল্পনা নিয়েই মাঠে নামতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশের আশার আলো হতে পারেন পেসার রিপন মণ্ডল। সেমিফাইনালে সুপার ওভারে ভারতকে রানের খাতা খোলাই করতে দেননি তিনি। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ উইকেট নিয়ে তিনি সর্বোচ্চ উইকেটশিকারি। ফাইনালে সাদাকত বনাম রিপন দ্বৈরথ তাই বিশেষ আগ্রহের কেন্দ্রে।

এদিকে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশ ওপেনার হাবিবুর রহমান। হংকংয়ের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করা হাবিবুর সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষেও করেছেন ৬৫ রান। তাঁর সংগ্রহ ২০২—যা তাঁকে রানতালিকায় তৃতীয় স্থানে রেখেছে।

ফাইনালে বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ হতে পারে পাকিস্তানের স্পিন আক্রমণ। লেগস্পিনার সাদ মাসুদ ও রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম নিয়েছেন ৭টি করে উইকেট। পাশাপাশি ব্যাটিংয়ে ঝড় তোলা সাদাকত বোলার হিসেবেও উজ্জ্বল—নিয়েছেন ৬ উইকেট। বাংলাদেশের স্পিন আক্রমণে ভরসা করতে হবে রাকিবুল হাসানের ওপর; তিনিও নিয়েছেন ৬টি উইকেট।

রাত সাড়ে আটটায় শুরু হবে বাংলাদেশ ‘এ’ বনাম পাকিস্তান ‘এ’ দলের শিরোপা লড়াই। দুই দলের শক্তি-পক্ষ-ত্রুটি মিলিয়ে জমে উঠবে একটি রোমাঞ্চকর ফাইনাল—এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত