ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

এক লাফে যত বাড়তে পারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন

২০২৫ নভেম্বর ০৪ ১৬:৪৬:৩০

এক লাফে যত বাড়তে পারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন

অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের বেতন ৯০ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, নতুন পে–স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। তবে একই সঙ্গে কর্মকর্তাদের আয়ও বাড়বে, যা সরকারের রাজস্ব আদায় বৃদ্ধিতেও সহায়ক হবে।

সরকারি হিসাব অনুযায়ী, প্রায় ১৫ লাখ কর্মকর্তা–কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষকসহ মোট ২২ লাখ পরিবার নতুন কাঠামোর আওতায় আসবেন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, বেতন বৃদ্ধি অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ বাড়াতে পারে এবং দ্রব্যমূল্য আবারও ঊর্ধ্বমুখী হতে পারে।

নতুন কাঠামো অনুযায়ী বাতিল হচ্ছে কিছু ভাতা ও সম্মানী, একই সঙ্গে সরকারি আবাসনে থাকা কর্মচারীদের কাছ থেকে বাড়ি ভাড়ার পরিমাণও বাড়বে।

জাতীয় পে কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান বলেন,

“আমাদের হাতে সীমিত সম্পদ আছে। তবু সর্বোচ্চ বেতন বাড়ানোর প্রস্তাব থাকবে। এতে সরকারের কিছু বাড়তি ব্যয় তৈরি হবে, তবে রাজস্বও বাড়বে।”

বর্তমান কাঠামোতে সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা, যা নতুন কাঠামো অনুযায়ী ১৬ হাজার টাকার বেশি হতে পারে। ফলে এই পর্যায়ের কর্মচারীরাও আয়করের আওতায় আসবেন, যা সরকারের রাজস্ব বাড়াবে।

এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন,

“নতুন পে–স্কেল সামাজিক বৈষম্য বাড়াতে পারে। মূল্যস্ফীতি রোধের প্রচেষ্টার সঙ্গে এই সিদ্ধান্ত পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।”

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন,

“নতুন পে–স্কেল বাস্তবায়নের জন্য পরবর্তী সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ দেওয়া হবে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত