ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বিএনপিকে যে আহ্বান জানাল জামায়াত

২০২৫ নভেম্বর ০২ ২২:২৩:১৩

বিএনপিকে যে আহ্বান জানাল জামায়াত

জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোট সংক্রান্ত বিরোধ নিরসনে বিএনপিকে খোলামেলা আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের রবিবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় যেতে চায় না জামায়াত, বরং দেশের স্বার্থে আলোচনায় বসতে চায়।’

ডা. তাহের আরও বলেন, রাজনীতিতে অনেক খেলা আছে, কিন্তু জামায়াত তা খেলতে চায় না। সোমবার দলের একটি বৈঠকে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া তিনি জানালেন, বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনার প্রস্তাব এখন পর্যন্ত দেওয়া হয়নি, এই আহ্বান সংবাদমাধ্যমের মাধ্যমে জানানো হয়েছে এবং দেখবেন, বিএনপি কিভাবে প্রতিক্রিয়া জানাবে।

ডা. তাহের জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়া উচিত, তবে নভেম্বরের মধ্যেই গণভোটের দাবি সমর্থনযোগ্য নয়। তিনি বলেন, আসুন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি এবং কিভাবে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ নিশ্চিত করা যায় তা নিয়ে আলোচনা করি। জনগণ সংকট সমাধান ও ঐক্য চাইছে।

তিনি বিএনপিকে সমালোচনা করে বলেন, ‘দলটি নেতারা জামায়াতকে নিষিদ্ধের কথা বলছেন। ১৯৯১ সালে জামায়াত নিষিদ্ধ থাকলে বিএনপি কি ক্ষমতায় আসত? বিএনপি তৎকালীন পরিস্থিতি ভুলে আজ অকৃতজ্ঞতার প্রমাণ দিচ্ছে। বর্তমান সংকট সৃষ্টি করেছে বিএনপি। জামায়াত কখনো প্রতারণামূলক রাজনীতি করে না।’

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত