ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

এইমাত্র পাওয়া : টার্গেটে বিমানবন্দর, দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

২০২৫ অক্টোবর ০৯ ১৮:৫০:৪৯

এইমাত্র পাওয়া : টার্গেটে বিমানবন্দর, দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

বিশ্বের বিভিন্ন বড় বড় বিমানবন্দরে সাম্প্রতিক সাইবার হামলার পর তৎপর হয়ে উঠেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দেশের সব বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদার ও সতর্কতা জারি করেছে সংস্থাটি।

গত মাসেই বেবিচকের নিজস্ব ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটে। যদিও তাতে বড় কোনো ক্ষতি হয়নি, তবে কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর অ্যাভিয়েশন নিরাপত্তা বিশেষজ্ঞ ও গোয়েন্দা সংস্থার পরামর্শে ১০ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে বেবিচক।

সূত্রে জানা গেছে, বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান স্বাক্ষরিত নির্দেশনাপত্রটি দেশের সব বিমানবন্দর প্রধান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সাইবার হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশের বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তাই সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

প্রদত্ত ১০ দফা নির্দেশনার মধ্যে রয়েছে—

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার,

সন্দেহজনক ই-মেইল ও লিংক থেকে বিরত থাকা,

সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা,

পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা,

অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা,

এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA) ব্যবহারের পরামর্শ।

এছাড়া, কোনো সাইবার নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ ও জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করতে বলা হয়েছে।

বেবিচকের একটি সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর সংস্থার প্রধান কার্যালয়ে এক বৈঠকে সাইবার ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, লন্ডনের কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলার পর ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়। সেই প্রেক্ষিতেই বাংলাদেশে আগাম সতর্কতা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে আরও আলোচিত হয়, বেবিচকের ওয়েবসাইটে সাম্প্রতিক হ্যাকিংয়ের চেষ্টা নিয়ে। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বেবিচকের সাইবার ঝুঁকি মূল্যায়ন করে, দ্রুত একটি অভিজ্ঞ সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান নিয়োগের পরামর্শ দিয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত