ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শাপলা প্রতীক না পেয়ে যে হুমকি দিলেন সারজিস

২০২৫ সেপ্টেম্বর ২৩ ২১:২৮:২৭

শাপলা প্রতীক না পেয়ে যে হুমকি দিলেন সারজিস

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রতীক বরাদ্দ না করায় নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ ঝেরেছেন দলটির নেতা সারজিস আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি সরাসরিই বলেছেন, শাপলাই হতে হবে এনসিপির প্রতীক, না হলে দেখে নেওয়া হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে। অন্য কোনো অপশন নাই। না হলে নির্বাচন কীভাবে হয়, আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নেব।

তিনি আরও লেখেন, ইলেকশন কমিশন সচিব বলেছেন, মার্কার তালিকায় শাপলা নেই, তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তার মানে কোনো আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছেন না। যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে, সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল। এত দিন কী তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো উঠবস করেছে?

ফেসবুক পোস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম পরিচিত মুখ সারজিস আলম সব ধরনের ‘ভণ্ডামিকে’ রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

এর আগে দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই। কারণ হিসেবে ইসি সচিব উল্লেখ করেন, প্রতীকের জন্য ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে, সেখানে শাপলা প্রতীক নেই। নিয়ম হচ্ছে প্রতীক যেটা আছে, তার ভেতর থেকে একটা নিতে হবে। ইসি সচিবের এই বক্তব্যের পরই পোস্টটি দেন সারজিস। সুত্র :ekattor.tv

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ