ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রশংসায় ভাসছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১৮:১৫:০২

প্রশংসায় ভাসছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদ রেজামণিপাড়া ও কারিগরপাড়ার মানুষের দীর্ঘদিনের বিশুদ্ধ খাবার পানির সংকটের সমাধান হয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বিশেষ উদ্যোগে। সৌরবিদ্যুতের মাধ্যমে টেকসই পানি প্রকল্প বাস্তবায়নের ফলে এখন থেকে ঘরে বসেই বিশুদ্ধ পানি পাচ্ছেন এ দুই গ্রামের বাসিন্দারা।

গত ২৯ মার্চ রেজামণিপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় সেনাপ্রধান সরেজমিনে তাদের ভোগান্তির কথা শোনেন। তখনই তিনি দ্রুত কার্যকর সমাধানের জন্য সৌরশক্তি-নির্ভর পানির প্রকল্প হাতে নেওয়ার নির্দেশ দেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রকল্পটির উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু নিরাপত্তাই দেয় না, পাহাড়ি জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সেনাপ্রধানের নির্দেশনায় এ বিশুদ্ধ পানি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। শান্তি ও সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে এগিয়ে যেতে হবে।”

এর আগে কারিগরপাড়া ও রেজামণিপাড়ার ১২০টি পরিবার কূপ ও ঝিরির ওপর নির্ভরশীল ছিল। প্রতিদিন দূর থেকে পানি সংগ্রহের কষ্ট ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। এখন ঘরে বিশুদ্ধ পানির ব্যবস্থা হওয়ায় গ্রামবাসীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেনাপ্রধানের প্রতি।

স্থানীয়রা বলেন, “আগে ঝিরি বা কূপ থেকে পানি আনতে হতো। এখন আর সে কষ্ট নেই, ঘরেই বিশুদ্ধ পানি পাচ্ছি।”

উল্লেখ্য, সেনাপ্রধান কর্মজীবনের শুরুতে রেজামণিপাড়া আর্মি ক্যাম্পে ক্যাম্প কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত