ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

২০২৬ মে ৩১ ১১:০৫:৩৫

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের তিন জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে, যার সঙ্গে বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে।

এমন পরিস্থিতিতে নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। সংশ্লিষ্ট এলাকার নৌযান ও নদীপথ ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে দেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতি নিয়ে দেওয়া আরেক পূর্বাভাসে জানানো হয়েছে, সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিচ্ছিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাত হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়ার এই পরিবর্তনশীল পরিস্থিতিতে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত