ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পিএসজি-আর্সেনাল মহারণ: প্রতিশোধের আগুন নাকি ইউরোপে রাজত্ব ধরে রাখার লড়াই

২০২৬ মে ৩০ ০০:৪৯:২৯

পিএসজি-আর্সেনাল মহারণ: প্রতিশোধের আগুন নাকি ইউরোপে রাজত্ব ধরে রাখার লড়াই

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত রাত হাজির। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও আর্সেনাল। শনিবার হাঙ্গেরির বুদাপেস্টে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে শিরোপার এই মহারণ।

একদিকে ইউরোপের সিংহাসন ধরে রাখার মিশনে নামছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। অন্যদিকে ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ ট্রফি জয়ের স্বপ্নে বিভোর আর্সেনাল। ফলে ম্যাচটি শুধু একটি ফাইনাল নয়, বরং মর্যাদা, প্রতিশোধ আর ইতিহাস গড়ার লড়াইও।

গত মৌসুমের সেমিফাইনালে আর্সেনালকে হারিয়েই ফাইনালে উঠেছিল পিএসজি। দুই লেগ মিলিয়ে লুইস এনরিকের দল গানারদের স্বপ্ন ভেঙে দিয়েছিল নির্মমভাবে। তাই এবার বুদাপেস্টের ফাইনাল আর্সেনালের জন্য প্রতিশোধের মঞ্চও বটে।

মিকেল আরতেতার দল এবারের আসরে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছে। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ—তিন বিভাগেই এসেছে বড় পরিবর্তন। মার্টিন জুবিমেন্দির নেতৃত্বে মিডফিল্ডে নতুন ভারসাম্য পেয়েছে গানাররা। আক্রমণে কাই হাভার্টজ ও ভিক্টর ইয়োকেরেসের উপস্থিতি বাড়িয়েছে ভয়ংকরতা।

অন্যদিকে পিএসজি বরাবরের মতোই ভয়ঙ্কর আক্রমণাত্মক ফুটবল নিয়ে মাঠে নামবে। উসমান দেম্বেলে, খিচা কাভারাস্কাইয়ে ও দিজেরে দুয়ের গতি-নির্ভর আক্রমণ যে কোনো রক্ষণভাগের জন্য বড় হুমকি। মিডফিল্ডে ভিতিনিয়া ও জোয়াও নেভেস ম্যাচের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত।

গোলপোস্টেও এসেছে পরিবর্তন। জিয়ানলুইজি দোন্নারুম্মার জায়গায় এবার দায়িত্ব সামলাচ্ছেন রাশিয়ান গোলরক্ষক মাতভেই সাফোনভ। ইতোমধ্যেই নিজের পারফরম্যান্স দিয়ে আস্থা অর্জন করেছেন তিনি।

ফাইনালের আগে দুই কোচই আত্মবিশ্বাসী। আর্সেনাল কোচ মিকেল আরতেতা জানিয়েছেন, তার দল ইতিহাস গড়তে প্রস্তুত। অন্যদিকে লুইস এনরিকে বলেছেন, আর্সেনালকে সম্মান করলেও পিএসজি নিজেদের সেরা ফুটবল খেলেই শিরোপা ধরে রাখতে চায়।

এখন প্রশ্ন একটাই—বুদাপেস্টের রাত কি হবে আর্সেনালের প্রতিশোধের গল্প, নাকি পিএসজির ইউরোপ রাজত্বের আরেকটি অধ্যায়? ফুটবল বিশ্ব অপেক্ষায় সেই উত্তর জানার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত