ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জিতল স্পেন

২০২৬ জুলাই ২০ ০৪:০৬:০৩

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জিতল স্পেন

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে নাটকীয় এক লড়াই শেষে নতুন বিশ্বচ্যাম্পিয়নের মুকুট উঠেছে স্পেনের মাথায়। বাংলাদেশ সময় সোমবার ভোরে নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশরা।

নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে পুরো ম্যাচজুড়েই বল দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে ছিল স্পেনের স্পষ্ট আধিপত্য। নির্ধারিত সময়ের শেষদিকে ৯০+৩ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার এনসো ফের্নান্দেস। ফলে অতিরিক্ত সময়ের পুরোটা ১০ জন নিয়ে খেলতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।

সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পায় স্পেন। ফেরান তোরেস দুর্দান্ত ফিনিশে জালের দেখা পেয়ে দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত সেই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয় এবং ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন।

ম্যাচের পরিসংখ্যানও স্পেনের একচ্ছত্র আধিপত্যের প্রমাণ দেয়। পুরো ম্যাচে ২০টি শট নেয় স্পেন, যার ১১টি ছিল লক্ষ্যে। বিপরীতে আর্জেন্টিনা পুরো ম্যাচে মাত্র ২টি শট নিতে সক্ষম হয় এবং একটিও লক্ষ্যে রাখতে পারেনি। বল দখলেও ছিল বিশাল ব্যবধান। স্পেন ৬৮ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে, যেখানে আর্জেন্টিনার দখল ছিল মাত্র ৩২ শতাংশ।

পাসিংয়েও ছিল স্পেনের দাপট। তারা ৮০৩টি পাস সম্পন্ন করে ৯০ শতাংশ সফলতার সঙ্গে। অন্যদিকে আর্জেন্টিনা ৪৪৫টি পাস খেলেছে, যার সফলতার হার ছিল ৭৮ শতাংশ। ম্যাচে স্পেন ৯টি কর্নার আদায় করলেও আর্জেন্টিনা পেয়েছে ৪টি। ফাউলের সংখ্যাও ছিল বেশি, স্পেন ২১টি এবং আর্জেন্টিনা ২৪টি ফাউল করেছে। আর্জেন্টিনা পাঁচটি হলুদ কার্ডের পাশাপাশি একটি লাল কার্ডও দেখে।

এই জয়ের মাধ্যমে দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপ জয়ের স্বাদ পেল স্পেন। একই সঙ্গে দ্বিতীয়বারের মতো ফুটবল বিশ্বের সর্বোচ্চ শিরোপা নিজেদের করে নিল লুইস দে লা ফুয়েন্তের দল। অন্যদিকে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে গেল লিওনেল মেসির আর্জেন্টিনার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত