ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির কর্মকর্তা বরখাস্ত

২০২৬ মে ২৯ ২৩:০০:০২

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির কর্মকর্তা বরখাস্ত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতির অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদের পর রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ না হওয়ায় জনদুর্ভোগ তৈরি হয়। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। তারা দুজনই উপসচিব পদমর্যাদার কর্মকর্তা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ঈদে পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত