ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঢাকায় ঈদের জামাত কখন কোথায়? জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোর সময়সূচি প্রকাশ

২০২৬ মে ২৭ ২৩:০৭:০৫

ঢাকায় ঈদের জামাত কখন কোথায়? জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোর সময়সূচি প্রকাশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে। জাতীয় ঈদগাহ মাঠে এবার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের প্রধান জামাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতের সময়গুলো হলো সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিট।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিট ও ৮টা ৩০ মিনিটে। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদ (আজাদ মসজিদ)-এ তিনটি জামাতের আয়োজন করা হয়েছে। প্রথম জামাত সকাল ৫টা ৪৫ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া গুলশান সোসাইটি জামে মসজিদে সকাল ৮টায় এবং অ্যারোপ্লেন জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

রাজধানীর শতাধিক ঈদগাহ ও দেড় হাজারের বেশি মসজিদেও ঈদের জামাতের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঈদের দিন মুসল্লিদের সময়মতো জামাতে অংশ নিতে আগেভাগে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত