ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নবম পে-স্কেলে কার কত বেতন বাড়তে পারে, জানা গেল সম্ভাব্য নতুন কাঠামো

২০২৬ মে ২৬ ১৬:২৮:০৬

নবম পে-স্কেলে কার কত বেতন বাড়তে পারে, জানা গেল সম্ভাব্য নতুন কাঠামো

বর্তমান দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি বিবেচনায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নিয়ে কাজ শুরু করেছে সরকার। নবম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। এছাড়া ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেসিক দ্বিগুণ করার বিষয়ও বিবেচনায় রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই সুবিধা শুধু সরকারি চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন বেতন কাঠামোর আওতায় আসতে পারেন বলে আশা করা হচ্ছে। এতে দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের অভিযোগ তোলা শিক্ষক-কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বর্তমানে চতুর্থ গ্রেডভুক্ত এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের মূল বেতন ৫০ হাজার টাকা থেকে বেড়ে ৭৫ হাজার টাকায় উন্নীত হতে পারে। ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের বেসিক ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হতে পারে ৫৩ হাজার ২৫০ টাকা। সপ্তম গ্রেডের উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের মূল বেতন ২৯ হাজার টাকা থেকে বেড়ে ৪৩ হাজার ৫০০ টাকায় পৌঁছাতে পারে।

এছাড়া নবম গ্রেডের কলেজ প্রভাষকদের বেসিক ২২ হাজার টাকা থেকে ৩৩ হাজার টাকায় উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। দশম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের মূল বেতন ১৬ হাজার টাকা থেকে বেড়ে হতে পারে ২৪ হাজার টাকা।

১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য দুটি আলাদা হিসাব নিয়ে আলোচনা চলছে। একটি ৫০ শতাংশ বৃদ্ধি এবং অন্যটি শতভাগ বা দ্বিগুণ বৃদ্ধি। যেমন ১১তম গ্রেডের বিএডবিহীন সহকারী শিক্ষকদের বর্তমান ১২ হাজার ৫০০ টাকার বেসিক ৫০ শতাংশ বাড়লে হবে ১৮ হাজার ৭৫০ টাকা। আর দ্বিগুণ হলে তা দাঁড়াবে ২৫ হাজার টাকায়।

একইভাবে ১৬তম গ্রেডের অফিস সহকারী কাম হিসাব সহকারী ও কম্পিউটার অপারেটরদের বর্তমান ৯ হাজার ৩০০ টাকার বেসিক ৫০ শতাংশ বাড়লে হবে ১৩ হাজার ৯৫০ টাকা। আর দ্বিগুণ বৃদ্ধি হলে তা দাঁড়াবে ১৮ হাজার ৬০০ টাকায়।

১৮তম গ্রেডের ল্যাব সহকারীদের বর্তমান ৮ হাজার ৮০০ টাকার বেসিক ৫০ শতাংশ বাড়লে হবে ১৩ হাজার ২০০ টাকা এবং দ্বিগুণ বৃদ্ধি হলে তা হতে পারে ১৭ হাজার ৬০০ টাকা। অন্যদিকে ২০তম গ্রেডের অফিস সহায়ক, নৈশপ্রহরী, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের বর্তমান ৮ হাজার ২৫০ টাকার বেসিক ৫০ শতাংশ বাড়লে হবে ১২ হাজার ৩৭৫ টাকা। আর দ্বিগুণ হলে তা দাঁড়াবে ১৬ হাজার ৫০০ টাকায়।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেছেন, বর্তমান বাজার পরিস্থিতিতে বিদ্যমান বেতনে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তাই আসন্ন বাজেটে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তারা আশা করছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত