ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঈদের টানা ৭ দিনের ছুটি শুরু কাল, যাদের মিলছে না ছুটি

২০২৬ মে ২৪ ১২:১৪:৩৯

ঈদের টানা ৭ দিনের ছুটি শুরু কাল, যাদের মিলছে না ছুটি

ঈদুল ফিতরের পর আবারও দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশ। ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি, যা চলবে ৩১ মে পর্যন্ত। তবে এই দীর্ঘ ছুটির আনন্দ সবার ভাগ্যে জুটছে না।

গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়েছে, জরুরি রাষ্ট্রীয় ও নাগরিক সেবা সচল রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতকে ছুটির আওতার বাইরে রাখা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীরা ছুটি পাবেন না। একইভাবে ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক বিভাগের কর্মীরাও দায়িত্ব পালন করবেন।

এছাড়া দেশের বন্দরগুলো সচল রাখতে সংশ্লিষ্ট কর্মী ও যানবাহনগুলোও স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে। ঈদের সময় আমদানি-রপ্তানি ও জরুরি পণ্য পরিবহন যাতে ব্যাহত না হয়, সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতেও থাকছে না পূর্ণ ছুটি। দেশের সব হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা চালু থাকবে। ফলে চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ পরিবহন সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব পালন করতে হবে।

অন্যদিকে গ্রাহকদের ব্যাংকিং সেবা সচল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। এটিএম বুথ, অনলাইন ব্যাংকিং ও জরুরি লেনদেন স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

বিচারিক কার্যক্রম পরিচালনার বিষয়ে পৃথক নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এছাড়া তৈরি পোশাক খাতসহ বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটির বিষয়টি নির্ধারণ করবে শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরকার বলছে, সাধারণ মানুষের ঈদযাত্রা ও উৎসব নির্বিঘ্ন রাখতে জরুরি সেবাগুলো চালু রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট কর্মীদের ছুটির মধ্যেও দায়িত্ব পালন করতে হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত